৩৬১ কনটেইনারের পণ্য নিলামে উঠছে ৩০ জুন

আপডেট : ২৮ জুন ২০২০, ০৭:৩৪ এএম

চট্টগ্রাম বন্দর কাস্টমস কর্তৃপক্ষ ৩৬১টি কনটেইনারের পণ্য নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। বন্দরে আটকে পড়া এসব কনটেইনারের পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দর থেকে ছাড়িয়ে না নেওয়ার কারণেই কাস্টমস কর্তৃপক্ষ এই নিলামের সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুন চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে দিনব্যাপী এ নিলাম অনুষ্ঠিত হবে বলে বাসস জানিয়েছে।

বন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ৩৬১টি কনটেইনার পণ্যের এ নিলাম হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় নিলাম। সূত্রমতে, এসব কনটেইনারে গাড়ি, হিমায়িত খাদ্য, ফল, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

বন্দর কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতাদের আকর্ষণের জন্য গত বুধবার থেকে নিলামযোগ্য পণ্যের উন্মুক্ত-প্রদর্শনীর ব্যবস্থা করে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায় শেষ হয়।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন নিলামের তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিভিন্ন কারণে বন্দরে আটকে থাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ছাড় না করায় ৩৬১টি কনটেইনারের পণ্য ৩০ জুন উন্মুক্ত বিক্রি করা হবে। মোট ১৭৪টি লটে পণ্য নিলামে তোলা হবে। এর মধ্যে রয়েছে ৪টি বিলাসবহুল গাড়ি, ১৫০ টন পেঁয়াজ, ১৭৪ টন মহিষের মাংস, ২৪ কনটেইনার আপেল, ৭২৯ টন বিভিন্ন ধরনের পশু-খাদ্য, ৪০ কনটেইনারবোঝাই গার্মেন্টস পণ্য, ৯ টন মাছ। এ ছাড়া, ৮ কনটেইনার আর্ট পেপার এবং ২৮ কনটেইনার বিভিন্ন ধরনের মেশিনারিজ পণ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত