করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়ায় স্কোয়াডের ১০ খেলোয়াড়কে ছাড়াই ইংল্যান্ড সফরের জন্য দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। রবিবার সকালে লাহোর বিমানবন্দরে উড়াল দেয় তারা।
যাত্রা শুরুর আগে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক আজহার আলি সাংবাদিকদের বলেন, কভিড-১৯ সংকট পরবর্তী সময়ে খেলার জন্য সবাই মুখিয়ে আছেন।
“কঠিন সময় শেষে সব খেলোয়াড় এখন রোমাঞ্চিত। যদিও ইংল্যান্ড সফর সব সময় চ্যালেঞ্জিং হয়ে এসেছে। দেশটিতে গত দুটি সফরে (২০১৬ ও ২০১৮) আমাদের পারফরম্যান্স উৎসাহদায়ক ছিল। তেমন পারফরম্যান্স আবারও দেখানোর চেষ্টা করব।”
২০১৬ সালে চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ২-২ ড্র করেছিল পাকিস্তান। দুবছর পরের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে ১-১ ড্র করেছিল।
দুজন অতিরিক্ত খেলোয়াড়সহ একটি চার্টার্ড বিমানে করে ২০ সদস্যের দল ইংল্যান্ডের উদ্দেশে পাড়ি জমায়। খেলোয়াড়দের সবাই মাস্ক পরিহিত ছিলেন। সবাইকে সামাজিক দূরত্ব মানতেও দেখা যায়।
ইংল্যান্ডে পৌঁছানোর পর প্রথম টেস্ট খেলার জন্য অনুশীলন শুরুর আগে দুই সপ্তাহের আইসোলেশনে থাকবে পাকিস্তান দলের খেলোয়াড়রা। প্রস্তুতির অংশ হিসেবে দুটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
এই সফরে ইংল্যান্ডের সঙ্গে আগস্টে তিন ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর দু’দলের মধ্যকার তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ হবে।
ইংল্যান্ড সফরের ক্যাম্পে আরও ১০ জন খেলোয়াড় ছিল। কিন্তু গত সপ্তাহে এই ক্যাম্পের ১০ খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে অবশ্য ছয়জন খেলোয়াড়ের টেস্ট নেগেটিভ আসে। পর পর দুটি টেস্টের ফল নেগেটিভ এলে তাদের ইংল্যান্ডে পাঠানো হবে।
