আইল্যান্ডে ট্রাক প্রাণ গেল ঘুমন্ত ৩ শ্রমিকের

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৪০ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে গেলে ট্রাকটিতে ঘুমিয়ে থাকা তিন শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বনগ্রাম গ্রামের সাগিরুল (৩৫), একই উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের আবদুল করিম (৩০) ও সোহেল (৩৫)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিটভর্তি ওই ট্রাকটি বগুড়ার উদ্দেশে যাত্রা করে। রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী চড়পাড়ায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিন শ্রমিক চাপা পড়ে মারা যান। ঘটনার পর থেকেই ট্রাকচালক ও হেলপার পলাতক।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে গতকাল রবিবার দুপুরে প্রায় একই সময়ে দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীর পাঁচদোনায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকচাপায় এক কৃষক ও পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহৃত মিনিবাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

নরসিংদী : পাঁচদোনায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল দুপুরে সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার উপজেলার চরাঞ্চল আলোকবালীর বাসিন্দা। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, গতকাল দুপুরে পিপিএল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নরসিংদী ফিরছিল। বাসটি নগর পাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বাদশা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিপিএল পরিবহনের বাসচালক আনোয়ারের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও : সদর উপজেলায় ট্রাকচাপায় ধনদেব রায় (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে শিবগঞ্জ-ভগদগাজী সড়কের নাওডোবা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনদেব উপজেলার বিশ্বাসপুর গ্রামের কটকু রায়ের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে সারবোঝাই ওই ট্রাক শিবগঞ্জ থেকে নেকমরদের যাচ্ছিল। এ সময় পথচারী ধনদেবকে চাপা দেয় ট্রাকটি। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পাবনা : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহৃত মিনিবাস চাপায় আবদুস সাত্তার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে দাশুড়িয়া-পাকশী মহাসড়কের দিয়াড় বাঘইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুস সাত্তার ওই এলাকার প্রয়াত সোনা ম-লের ছেলে। নিহতের স্বজনরা জানান, দুপুরে দাশুড়িয়া-পাকশী মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আবদুস সাত্তার। এ সময় পেছন থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহৃত একটি মিনিবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাকশী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুর রহমান বলেন, স্থানীয়দের কাছে শুনেছি গাড়িটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশিদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত