পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের মালিকানা বদলের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড পরিমাণের লেনদেন হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে কেনাবেচা হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট, যা গত সাড়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল ডিএসইর মোট লেনদেনের ৮৭ দশমিক ৫ শতাংশ এসেছে জিএসকের শেয়ার থেকে।
এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর ২ হাজার ৭১০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। এরপর বাজার ধসের কারণে ধারাবাহিকভাবে ডিএসইর লেনদেন নিম্নমুখী ধারায় নেমে আসে।
গতকাল ডিএসইর ব্লক মার্কেটে জিএসকে বাংলাদেশের উদ্যোক্তা সেটফার্স্ট লিমিটেডের ৮১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার কিনে নেয় ইউনিলিভার। আগের দিনের বাজার দর অনুযায়ী ওই শেয়ারের হস্তান্তর মূল্য দাঁড়ায় ২ হাজার ২০ কোটি টাকা। একই সময়ে আইসিবির মিউচুয়াল ফান্ডগুলো নিজেদের মধ্যে ১০ লাখ জিএসকের শেয়ার লেনদেন করে, যার মূল্য ছিল ২০৫ কোটি টাকা। সব মিলিয়ে ব্লক মার্কেটে গতকাল জিএসকের ১ কোটি ৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়, যার মোট মূল্য ছিল ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ টাকা।
গতকাল ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির ২ হাজার ৪৭৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৯৭ দশমিক ৪৮ শতাংশ।
