স্বস্তিকা-শ্রীলেখার ক্যাট ফাইট

আপডেট : ২৯ জুন ২০২০, ০৭:৫১ এএম

একই ইন্ডাস্ট্রিতে কাজ করা সমসাময়িক নায়িকাদের মধ্যে ক্যাট ফাইটের কথা সবারই জানা। কিন্তু পরিণত বয়সে ক্যাট ফাইটে মেতে উঠেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও শ্রীলেখা মিত্র। কদিন আগে একটি ভিডিওতে শ্রীলেখা বলেন, ‘স্বস্তিকা সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করত বলেই তাকে সিনেমাতে নিত সৃজিত।’ তখন স্বস্তিকা পাল্টা জবাব দেন, ‘আমি তো অভিনয় একদম পারি না, তাই প্রেম করে কাজ পাই। কিন্তু প্রসেনজিৎ, পরমব্রত, আবীর, অনির্বাণরাও কি প্রেম করে সৃজিতের সঙ্গে? নয়তো তারা এক এক জন সৃজিতের এতগুলো করে সিনেমা কীভাবে করল?’

এখানেই শেষ নয়। স্বস্তিকার দুই সিনেমার সহ-অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আত্মঘাতী হওয়ার পর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, স্বস্তিকা বলেছেন, ‘সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গিয়েছে’। তার পর থেকেই স্বস্তিকাকে নিয়ে নিন্দার ঝড় বইতে শুরু করে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র সেই নিউজের লিঙ্ক শেয়ার করে স্বস্তিকাকে কটাক্ষ করে লিখেছেন, ‘বাহ’! শ্রীলেখার সেই পোস্টের নিচে স্বস্তিকার নিন্দায় ভরে গিয়েছিল। কেউ কেউ আবার মৃত্যু কামনাও করেছেন তার। অবশেষে ভিডিও শেয়ার করে স্বস্তিকা বললেন, ‘অনেকেই বলছেন, আমি যাতে মরে যাই। যে পোর্টালটি আমার ছবি দিয়ে, আমার কোট হিসেবে একটি লাইন চালিয়ে দিয়েছে তারা কি প্রমাণ দেখাতে পারবে, আমার সঙ্গে সুশান্তের মৃত্যু, আত্মহত্যা নিয়ে কোনো রকম কথা হয়েছে কি না তাদের? দেখাতে পারবে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বা ফোন রেকর্ডিং? আমাকে ঘৃণা করার আগে খবরের সত্যতা বিচার করুন।’ পরে শ্রীলেখা মিত্র নিউজ শেয়ার করা নিয়ে বলেন, ‘আমাকে স্টোরিটা কেউ শেয়ার করে, তাই আমি পোস্ট করেছি। অনেক কথারই তো ভুল ব্যাখ্যা চলছে এখন। এই যেমন আমার আগের লাইভের ভিত্তিতে আমার নাম না করে স্বস্তিকা ‘স্লাট’ শব্দটা এনে টুইট করল কেন? আমি তো ইন্ডাস্ট্রির প্রেমের কথা বলেছিলাম। ও ‘স্লাট’ বলল কেন? প্রেম আর দেহ বেচা কি এক? আমি নিজে যা  দেখেছি সেটাই সোজা বলব। যে যা ভাবে ভাবুক!’ তবে কি চলতেই থাকবে স্বস্তিকা-শ্রীলেখার এই ক্যাট ফাইট!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত