সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খানকে তার ঘরে ঢুকে মুখোশধারী দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীরা তার বাড়িতে ভিড় করেন। এরপর এ ঘটনায় জড়িত দুর্বৃত্তকে গ্রেপ্তারের দাবিতে তারা চান্দাইকোনা বাজারে বিক্ষোভ-সমাবেশ করেন।
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফ জানান, আব্দুল হান্নান খানের মাথা, ঘাড়, কান, পিঠ ও পায়ে ধারালো অস্ত্রের কোপ লেগেছে। ঘটনার পর আব্দুল হান্নান খানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠেঙ্গামারা রফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে বেডে নেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রহমতুল্লাহ জানান, সকালে আব্দুল হান্নান খান চান্দাইকোনা বাজারে চা-নাস্তা খেয়ে পাশেই নিজ বাড়ির দোতলায় শোবার ঘরে ঢোকার পর হঠাৎ মুখোশধারী এক দুর্বৃত্ত ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে স্ত্রী পাশের কক্ষ থেকে এসে ওই দুর্বৃত্তকে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। পরে দুর্বৃত্ত পালিয়ে যায়।
পরে আব্দুল হান্নান খানকে উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে নেওয়া হয়।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাংসদ ডা. আব্দুল আজিজ সরকার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যতদূর শুনেছি দুর্বৃত্ত মাস্ক পরা ছিল এবং ও গামছা দিয়ে মুখ ঢাকা ছিল। ধস্তাধস্তির সময় গামছাটি খুলে গেলেও মুখে মাস্ক থাকার কারণে চেয়ারম্যান আব্দুল হান্নানের স্ত্রী তাকে চিনতে পারেননি। ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
