লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর একজন জীবিত উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০২০, ০৬:১৮ এএম

রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ডুবুরিরা যখন টিউবের মাধ্যমে লঞ্চটি ওপরে তোলার চেষ্টা করছিলেন এবং লঞ্চটির একাংশ ওপরে উঠে আসে; ঠিক তখনই ওই ব্যক্তি নিজ চেষ্টায় লঞ্চের ভেতর থেকে বেরিয়ে আসেন। উদ্ধারকর্মীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নৌকায় তোলেন।

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, উদ্ধার ব্যক্তির নাম সুমন ব্যাপারী। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আবদুল্লাহপুর গ্রামের সজল ব্যাপারীর ছেলে। সুমন পেশায় ফল ব্যবসায়ী। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। উদ্ধারের পর ডুবুরিরা তাৎক্ষণিকভাবে তাকে লাইফ জ্যাকেটে ঢেকে এবং শরীর মেসেজ করে গরম করার চেষ্টা করেন। এরপর ওই ব্যক্তি চোখ মেলে তাকান।

কোস্টগার্ড ও নৌবাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ব্যক্তির কাছে বিভিন্ন বিষয় জানতে চাইলে তিনি চোখের ইশারায় জবাব দেওয়ার চেষ্টা করছিলেন। তবে দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকায় তার শরীরের তাপমাত্রা ও অক্সিজেন লেভেল নিচে নেমে গেছে। ধারণা করা হচ্ছে, তিনি যেখানে আটকা পড়েছিলেন সেখানে হয়তো কিছুটা বাতাস ছিল। যার মাধ্যমে সুমন শ্বাস নিতে পেরেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত