রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের ২৫ হাজার শ্রমিককে ‘গোল্ডেন হ্যান্ডশেকে’ বিদায়ের সরকারি সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়ার সরকারের সিদ্ধান্ত গণবিরোধী। গণদুশমন ছাড়া এমন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। পাটকল শ্রমিকদের ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো অবস্থা।
তিনি বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কর্র্তৃত্ববাদী আওয়ামী সরকারের গণবিরোধী এই সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। পাটকল শ্রমিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমরা এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের দুরবস্থার জন্য সরকারকে দায়ী করে রিজভী বলেন, তাদের (সরকার) ভ্রান্তনীতি ও অব্যবস্থাপনায় দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
