রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যুর ঘটনায় সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করে নিহতদের স্বজনদের তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্ষতিপূরণের বিষয়ে আগামী ১২ জুলাইয়ের মধ্যে ওই হাসপাতাল কর্তৃপক্ষ সমঝোতায় না পৌঁছলে ১৩ জুলাই এ নিয়ে আদেশ দেবে আদালত। এ ঘটনায় নিহতদের স্বজনদের ক্ষতিপূরণসহ একাধিক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব সিদ্ধান্তের কথা জানায়। আদালত এ ঘটনায় করা মামলার তদন্তকাজ দ্রুত শেষ করতে পুলিশকে নির্দেশ দেয়।
ভিডিও কনফারেন্সে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ, নিয়াজ মোহাম্মদ মাহবুব ও সাহিদা পারভীন শিলা। ইউনাইটেড হাসপাতাল কর্র্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত তালুকদার আদালতের বরাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তপক্ষের সঙ্গে কথা বলতে বলেছে। যদি সমঝোতার মাধ্যমে ১২ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ ঠিক করতে পারে তাহলে ভালো। না হলে ১৩ জুলাই হাইকোর্ট এ বিষয়ে আদেশ দেবে। আর এ ঘটনায় যে ফৌজদারি মামলা হয়েছে সেটির তদন্ত দ্রুত শেষ করতে বলেছে আদালত।’
