বাংলা একাডেমির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ফোকলোরবিদ, গবেষক শামসুজ্জামান খান। গতকাল সোমবার দুপুরে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘বাংলা একাডেমি পরিবার তাকে সভাপতি হিসেবে পেয়ে আনন্দিত। আমরা তাকে আমাদের মাঝে আন্তরিক স্বাগত জানাই।’
শামসুজ্জামান খান তার বক্তব্যে বলেন, ‘বাংলা একাডেমি আমার প্রিয় প্রতিষ্ঠান। একাডেমির মহাপরিচালক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে জাতির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আকাক্সক্ষার প্রতীক হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’
