করোনাভাইরাসের কারণে অনাকাক্সিক্ষত বিরতি কাটিয়ে মাঠে ফিরে শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। কিন্তু দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারিয়েছে তারা। এমনকি শঙ্কা জেগেছে লিগ শিরোপা হাতছাড়া করার। আর এসব কারণে জানুয়ারিতে দায়িত্ব দেওয়া কোচ কিকে সেতিয়েনকে মৌসুম শেষেই ছাঁটাই করা হতে পারে বলে সংবাদ প্রকাশ পেয়েছে স্পেনের গণমাধ্যমগুলোয়। একই সময়ে ক্লাবের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে হুট করেই আরনেস্তো ভালভার্দেকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। মূলত অ্যাওয়ে ম্যাচে দলটির বাজে পারফরম্যান্সের কারণেই ছাঁটাই হতে হয় তাকে। এরপর দায়িত্বে আসেন সেতিয়েন। কিন্তু নতুন কোচের অধীনেও দুর্দশা কমেনি দলটির। চ্যাম্পিয়নস লিগে সংগ্রাম করলেও লিগে বরাবরই ভালো অবস্থানে ছিল তারা। কিন্তু এখন লিগেও সংগ্রাম করতে হচ্ছে তাদের। সব মিলিয়ে ৬ মাসেই ন্যু ক্যাম্পের শেষ দেখছেন আড়াই বছরের চুক্তিতে আসা সেতিয়েন।
সেভিয়ার পর সেল্টা ভিগোর কাছে পয়েন্ট হারানোর পর সেতিয়েনের পরিকল্পনা নিয়ে অসন্তোষ ঝরেছে ক্লাবের খেলোয়াড়দের মাঝে। সেল্টার বিপক্ষে ছন্দ ফিরে পাওয়া লুইস সুয়ারেজকে তুলে নিয়ে অ্যান্তোইন গ্রিজম্যানকে নামানোটা মেনে নিতে পারেননি অনেকেই। সুয়ারেজ তো রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে হারের কারণ জানতে চাইলে কোচকে দেখিয়ে দিয়েছেন তিনি। ‘আমাদের ফর্ম কেন বাজে? এ জন্য কোচদের জিজ্ঞেস করুন। তারা এসব পরিস্থিতি বিশ্লেষণ করেন। এভাবে প্রতিপক্ষের মাঠে এত বেশি পয়েন্ট আমরা আগের মৌসুমগুলোতে হারাতাম না। এগুলো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট।’
রিয়ালকে পয়েন্ট তালিকার শীর্ষে দেখে বিরক্তই লাগছে সুয়ারেজের, ‘এমন ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ খারাপ লাগছে। দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালাম আমরা। আমাদের এখন হাতে থাকা বাকি সব ম্যাচ জিততে হবে ও অপেক্ষা করতে হবে যেন রিয়াল পয়েন্ট হারায়। এটা বেশ বিরক্তিকর একটা অনুভূতি।’
অধিনায়ক লিওনেল মেসি ও জেরার্ড পিকেও কোচের পরিকল্পনায় ড্রেসিং রুমে অসন্তোষ প্রকাশ করেছেন বলে খবর।
এদিকে সুয়ারেজের কথা প্রসঙ্গে সেতিয়েন বলেছেন, ‘এসব ঘটেই থাকে। আমি এগুলোকে খুব একটা গুরুত্ব দেই না। ম্যাচ জিততে না পারলে অনেকে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করে।’ তিনি বলেন, ‘আমাদের আসল ভাবনা দলের স্বাভাবিক আবহ ও খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক নিয়ে, যা ভালো আছে। এটা সত্যি যে, কিছু বিষয়ে আমরা একমত নই। তবে এমন কিছু ঘটেনি যে আলাদা করে বলতে হবে।’
শূন্য থেকে শুরু করতে চান জাভি
ভালভার্দেকে বরখাস্ত করে সেতিয়েনের আগে বার্সার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল জাভিকে। কিন্তু কাতারের ক্লাব আল-সাদের দায়িত্ব মাঝপথে ছেড়ে যেতে চাননি ৪০ বছর বয়সী জাভি। স্প্যানিশ দৈনিক স্পোর্তেকে রবিবার জানিয়েছেন, কাতালান ক্লাবের দায়িত্ব নিয়ে একেবারে শূন্য থেকে শুরু করতে চান তিনিÑ ‘একেবারে শূন্য থেকে শুরু করার লক্ষ্যে আমি সঠিক সময়ে ফিরতে চাই। এটা আমি অনেকবার বলেছি। বার্সেলোনায় আমি ফুটবল সম্পর্কিত সিদ্ধান্ত নিতে চাই।’ বার্সার হয়ে সবচেয়ে বেশি ৮৫৫ ম্যাচ খেলা এই প্লেমেকার বলেছেন, ‘আমার এখন সবচেয়ে বড় আশা বার্সার কোচ হওয়া এবং বার্সাকে জয়ের ধারায় ফেরানো, আর এজন্য আমার টেকনিক্যাল স্টাফরা জোর প্রস্তুতি নিচ্ছে, যা আমাদের রোমাঞ্চিত করছে।’
