ফুটবলারদের দাবি ‘সেকেন্ডারি’

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:৩৬ এএম

করোনার কারণে বাতিল হয়ে গেছে ফুটবল মৌসুম। ছয় রাউন্ড শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাতিল হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছে ক্লাবগুলো। তাদের অনিশ্চয়তা কেটে গেলেও চরম অনিশ্চয়তায় ফুটবলাররা। মাঝপথে মৌসুম বাতিল হওয়ায় ক্লাবগুলো দাবি তুলেছিল একই ফুটবলারদের দিয়ে পরবর্তী মৌসুম খেলানোর। তাতে তারা কম আর্থিক ক্ষতির মুখে পড়বে। সেটা জানার পর থেকেই দুশ্চিন্তা ঘিরে ধরে ফুটবলারদের। ফুটবলই যে তাদের রুটি-রুজি। দলবদল না হলে কিংবা একই চুক্তিতে আরেক মৌসুম খেললে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ফুটবলারদের। নিজেদের এই অনিশ্চয়তার কথাগুলো বলতে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছিলেন জাতীয় দলের ১৮ ফুটবলার। নিজেদের দাবি-দাওয়াগুলো ফুটবল প্রধানের কাছে বলেছেন ঠিকই। কিন্তু সালাহউদ্দিনের কাছে সেসব গুরুত্ব পাচ্ছে না ততটা। ফুটবলারদের দাবি-দাওয়াকে সেকেন্ডারি আখ্যা দিয়ে সালাহউদ্দিন আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে বলেছেন।

সভায় উপস্থিত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্ব আরও তিন মাস পর। এর জন্য জাতীয় দলের ফুটবলাররা কঠোর পরিশ্রম করছি যাতে ফিটনেস ঠিক থাকে। লিগ শেষ হওয়ার পর আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ক্লাবের সঙ্গে কথা বলে আমরা বলেছি আমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে যাতে কোনো পক্ষই খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের অনেক ফুটবলার খুব খারাপ সময় কাটাচ্ছে। তারা ঠিকমতো টাকা পায়নি। আমরা তাদের সমস্যার কথাগুলো বাফুফে সভাপতির কাছে তুলে ধরেছি।’

সালাহউদ্দিন অবশ্য সভা শেষে খেলোয়াড়দের এই দাবি-দাওয়া নিয়ে কথাই বলেননি। বরং তিনি এখন গুরুত্ব দিচ্ছেন অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বকে, ‘আগামী ৮ ও ১৩ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের তারিখ দিয়েছে ফিফা। এজন্য জাতীয় দলের প্রস্তুতি নিতে হবে। বিষয়টা নিয়ে আজ ওদের সঙ্গে আলাপ করলাম। এখন সরকারের সঙ্গে আলাপ করব যে তারা আমাদের এই ম্যাচগুলোর অনুমতি দেয় কি না। সমস্যা হলো, ফিফার এই ম্যাচগুলো আমাদের খেলতে হবে। না খেললে তো নিষেধাজ্ঞায় পড়ে যাব। লিগ তো হবে। সবই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। পরিস্থিতি যখন ঠিক হবে তখন তো অবশ্যই লিগ হবে। দেশের পরিস্থিতি, সরকারের পরিকল্পনার ওপর সব কিছু নির্ভর করছে।’ ফুটবলারদের বিষয়টি তোলার পর সালাহউদ্দিনের জবাব ছিল এরকম, ‘ওটা তো সেকেন্ডারি। মূল হলো, ফিজিক্যাল ফিটনেসটা রাখতে বলেছি। খেলা, লিগ, সব কিছুই হবে পরিস্থিতি ঠিক হলে। মানসিকভাবে তৈরি থাকতে বলেছি তাদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত