চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:৩৭ এএম

স্বাধীনতাযুদ্ধের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলার লুৎফর রহমান আর নেই। গতকাল সকালে যশোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই ফুটবলযোদ্ধা। একপ্রকার চলৎশক্তিও হারিয়েছিলেন। তার একমাত্র ছেলে তানভীর রহমান জানান, ‘গেল চার-পাঁচ দিন ধরেই তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কথা-খাওয়া বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।’

যশোর জেলা দলের হয়ে তার ফুটবলের ক্যারিয়ার শুরু ১৯৬৫ সালে। ১৯৬৯ সালে তিনি যোগ দেন ওয়ারী ক্লাবে। পরের বছর অধিনায়কত্ব করেন ঐতিহ্যবাহী ক্লাবটির। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ শুরু হলে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন লুৎফর।

গতকাল বিকেলে স্থানীয় সম্মিলনী ইনস্টিটিউশন মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে তাকে তালবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত