১ কোটি ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:৪৬ এএম

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য এনে ১ কোটি ৩৪ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা রোধ করে দিয়েছে কাস্টমস। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে জিয়াদ ইন্টারন্যাশনালের আমদানি করা পণ্যের চালানটি আটক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, সস, মটরশুঁঁটি ও চকলেট ঘোষণায় আমদানি করা পণ্যের একটি চালান খালাসের জন্য গত ১৭ ফেব্রুয়ারি কাস্টম হাউজে বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স ইস্টার্ন এন্টারপ্রাইজ। কিন্তু ওই চালানে মিথ্যা ঘোষণায় আনা পণ্য থাকার গোপন সংবাদ পেয়ে এর খালাস বন্ধ রেখে শতভাগ কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নেয় কাস্টমসের অডিট অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা। গতকাল সোমবার কায়িক পরীক্ষার পর আমদানি করা চালানে ঘোষিত পণ্যের বাইরে অবৈধভাবে আনা প্রচুর পরিমাণ পণ্য পাওয়া যায়।

কাস্টম হাউজের এআইআর শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া দেশ রূপান্তরকে বলেন, গতকাল শতভাগ কায়িক পরীক্ষার পর ওই চালানে ঘোষিত ৪ হাজার ৯৫৬ কেজি সসের বিপরীতে পাওয়া যায় ৫ হাজার ৭৯ কেজি, ১৩ হাজার ৭৯০ কেজি মটরশুঁটির পরিবর্তে পাওয়া যায় ২৪০ কেজি এবং ১ হাজার ২৯৬ কেজি চকলেটের পরিবর্তে পাওয়া যায় ৮ হাজার ৬০৪ কেজি। এছাড়া ওই চালানে ঘোষণাবহির্ভূতভাবে আনা ১ হাজার ৮৬০ কেজি অর্গানিক মিক্সড নাটস, ১৬ হাজার ২৫২ কেজি চুইংগাম, ৩৯২ কেজি নুডলস এবং ১০ হাজার ৬৪৮ লিটার উচ্চ শুল্কের এনার্জি ড্রিংকস পাওয়া যায়। তিনি জানান, এসব ঘোষণাবহির্ভূত পণ্য এনে আমদানিকারক ১ কোটি ৩৪ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছিল। এ ব্যাপারে আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত