দেশের ১৫৭ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৪ হাজার ৬৯৭ শিক্ষার্থীর উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ক্রয় সহায়তার অর্থ পৌঁছে যাবে বিকাশে।
বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
এই কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা প্রতি ছয় মাসে উপবৃত্তি বাবদ ৩ হাজার টাকা এবং শিক্ষা উপকরণ ক্রয় বাবদ ১ হাজার টাকা করে পাবে। বিকাশে পাওয়া উপবৃত্তি ও শিক্ষা উপকরণের টাকা শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই বিকাশ এজেন্টের কাছ থেকে ক্যাশআউট করে নিতে পারবে। স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পটি সবচেয়ে বড় উপবৃত্তি প্রকল্প। মাধ্যমিক স্তরের সমন্বিত উপবৃত্তি কার্যক্রমের আওতায় ৪০ লাখ শিক্ষার্থী বিকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যে উপবৃত্তি পেয়েছে।
