করোনা ঠেকাতে নাগরিকদের ব্লুটুথ যন্ত্র বিতরণ করছে সিঙ্গাপুর

আপডেট : ৩০ জুন ২০২০, ০৭:৩৬ পিএম

করোনার বিস্তার ঠেকাতে ব্লুটুথ দিয়ে ব্যবহারযোগ্য কন্ট্যাক্ট ট্রেসিংয়ের যন্ত্র বিতরণ শুরু করেছে সিঙ্গাপুর সরকার।

বিবিসি জানায়, এর আগে দেশটিতে স্মার্টফোনে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ চালু করেছিল। তবে নতুন এই ব্লুটুথ যন্ত্রটি তার বিকল্প একটি ব্যবস্থা। এটি 'ট্রেসটুগেদার' নামে একটি টোকেন ব্যবস্থা।

যাদের স্মার্টফোন নেই বা যারা মোবাইল ফোন ব্যবহার করতে চান না, তাদের জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে।

তবে স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য নিয়ে গোপনীয়তা রক্ষা করা যাবে কী না, তা নিয়ে কোনো কোনো মহল থেকে উদ্বেগ প্রকাশ করার পর নতুন এই যন্ত্রটি চালুর ঘোষণা করা হয়েছে।

এই যন্ত্রের প্রথম ব্যাচটি দেয়া হচ্ছে অধিক ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তিদের এবং যাদের দেখাশোনার জন্য কেউ নেই অথবা যাদের চলাফেরার অসুবিধা রয়েছে।

এই যন্ত্রধারীদের চিহ্নিত করার জন্য সুনির্দিষ্ট কোড বা সঙ্কেত থাকবে এবং যন্ত্রটির চার্জ দেয়ার প্রয়োজন হবে না। এটির ব্যাটারি কাজ করবে নয় মাস পর্যন্ত।

এই যন্ত্র ব্লুটুথের মাধ্যমে আশেপাশে অন্য যন্ত্র বা স্মার্টফোনের মাধ্যমে 'ট্রেসটুগেদার' ব্যবহার করছে এমন ব্যক্তিদের সিগনাল ধরবে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এমন কেউ আশেপাশে আছে বলে এই যন্ত্র যদি ধরতে পারে, তাহলে কন্ট্যাক্ট ট্রেসিং কর্মকর্তা যন্ত্র ব্যবহারকারীর সাথে যোগাযোগ করে তাকে সতর্ক করে দেবে।

আশপাশের কারও সংস্পর্শে আসার কারণে সেই ব্যক্তি যদি কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়, তাহলে ওই ব্লুটুথ যন্ত্র থেকে সেই তথ্য ডাউনলোড করা হবে।

ব্যবহারকারীদের বক্তিগত গোপনীয়তা লংঘন নিয়ে উদ্বেগ মন্ত্রীরা ইতোমধ্যেই নাকচ করে দিয়েছেন। তারা যুক্তি দিয়েছেন যে, মানুষের গতিবিধির ওপর নজরদারি করার লক্ষ্যে এই যন্ত্র তৈরি করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত