১১৮ বছর পর নারী ফুটবলে নাম লেখাল রিয়াল মাদ্রিদ

আপডেট : ০১ জুলাই ২০২০, ০১:৫০ পিএম

ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করল রিয়াল মাদ্রিদ। ১১৮ বছর পর ক্লাবটিতে পেশাদারি নারী দলের যাত্রা শুরু হলো। বুধবার স্প্যানিশ নারী ফুটবল ক্লাব ‘সিডি তাকোন’ কিনে নেওয়ার প্রক্রিয়া শেষ করার মাধ্যমে নতুন ফুটবলে নতুন প্রকল্প চালু করল লস ব্লাঙ্কোরা।

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার মতে, কুড়ি শতকের সবচেয়ে সেরা ফুটবল ক্লাব রিয়াল। কিন্তু নামি দামি ক্লাবগুলোর মধ্যেই তারাই একমাত্র ক্লাব যাদের এত দিন কোনো পেশাদারি নারী দল ছিল না।

‘সিডি তাকোন’ মাদ্রিদ ভিত্তিক নারী ফুটবল ক্লাব। প্রতিষ্ঠিত ২০১৪ সালে। রিয়াল ক্লাবটি কিনে নেওয়ায় এখন সেটির নাম হতে যাচ্ছে ‘রিয়াল মাদ্রিদ ফিমেনিনো’।

দলটি কিনে নেওয়ার সিদ্ধান্ত গত বছরের সেপ্টেম্বরেই রিয়াল মাদ্রিদের শেয়ারহোল্ডারদের বৈঠকে অনুমোদিত হয়। ক্লাবটি ৩ লাখ ইউরোতে কিনে নেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।

স্পেনের সংবাদপত্রগুলোর খবরে বলা হয়েছে, রিয়ালের নজর এখন দলটিকে তারকাসমৃদ্ধ করা। চলতি সপ্তাহেই বেশ কয়েকজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারে ক্লাবটি।

তাকোন এরই মধ্যে তাদের দল সমৃদ্ধ করা নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চুক্তিবদ্ধ করা হয়েছে সুইডিশ খেলোয়াড় কোসোভারে আসলানিকে। ২০১৯ সালে নারী ব্যালন ডি’অরের জন্য মনোনীত হওয়া সোফিয়া জ্যাকোবসনকেও দলে ভিড়িয়েছে তারা।

নারী দল গঠন করা নিয়ে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরিন্তিনো পেরেস বলেছেন, “একটি দল গঠন করার সময় এসেছে যার জন্য আপনারা সবাই খুবই গর্বিত হবেন।”

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, নারী দলের আনুষ্ঠানিক শুরুটা হবে ঐতিহাসিক এক মুহূর্ত। নারী ফুটবলের জন্য স্মরণীয়।

রিয়ালের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন ২০১৮ সালে প্রথম নারী ব্যালন ডি’অর জেতা অলিম্পিক লিওনেসের নরেজিয়ান ফুটবলার আদা হেহেরবার্গ, “এটা খুবই ইতিবাচক।”

“আমি আশা করছি, তারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করবে। তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হবে। কেননা রাতারাতিই কিছু হয় না।”

“সাফল্যের জন্য দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হবে। এটা অনেক ইতিবাচক দিক। পুরুষ খেলোয়াড়দের বিশ্বের সবচেয়ে ক্লাবটি এখন নারী দল গঠনের জন্য বিনিয়োগ করছে। এভাবে আধুনিক নারী ফুটবলের এগিয়ে যাওয়া উচিত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত