শেন ওয়ার্নের চেয়ে মুত্তিয়া মুরালিধরনের বলে বৈচিত্র্য বেশি ছিল বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই দুই বোলারই আছেন সর্বোচ্চ উইকেট-শিকারির তালিকায় শীর্ষ দুই অবস্থানে। লঙ্কান অফ স্পিনার মুরলির শিকার ৮০০ উইকেট। অস্ট্রেলিয়ান লেগি শেন ওয়ার্ন থেমেছেন ৭০৮ উইকেটে।
একটি ক্রিকেট ওয়েবসাইটে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকারের সঙ্গে আড্ডায় জয়াবর্ধনে বলেন, ‘মুরালি ছিল চ্যাম্পিয়ন বোলার। ওর বোলিংয়ের ধরনই ছিল আলাদা। মুরালির মতো বৈচিত্র ওয়ার্নের ছিল না। মুরালি জানত ও কী করছে আর ব্যাটসম্যানকে দিশেহারা করে তুলে আউট করত। যদি তার জন্য ১০ ওভার অপেক্ষা করতে হত তো ও তাই করত।’
১৪৯ টেস্ট, ৪৪৮ ওয়ানডে ও ৫৫ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা মাহেলা জয়বর্ধনে আরও বলেছেন, ‘ওয়ার্ন আর মুরালি হল দুই আলাদা ব্যক্তিত্ব। ওয়ার্ন ছিল স্টেডি লেগস্পিনার। ও ট্যাকটিকাল লড়াইয়ে যেত। ব্যাপারটা এমন, আমাকে মারতে পারো কিনা দেখি। আমি তোমাকে ঠিক ফিরিয়ে দেব। তবে ওয়ার্নেরও সম্ভবত এটা জানা ছিল যে, মুরালির মতো বৈচিত্র্য ওর নেই।’
১৩৩ টেস্টে আট শ উইকেট নেওয়া ছাড়াও এক দিনের ক্রিকেট ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫৩৪ ও ১৩ উইকেট নিয়েছেন মুরালি। অন্য দিকে, ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া ছাড়া ওয়ানডে ক্রিকেটে ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন। ক্যারিয়ারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি ওয়ার্নের।
