লিভারপুলে দীর্ঘ সময় থাকতে চান সালাহ

আপডেট : ০১ জুলাই ২০২০, ১১:৫৯ পিএম

লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ বলেছেন, তিনি দীর্ঘ সময় ইংলিশ ফুটবলের নতুন চ্যাম্পিয়দের তাঁবুতেই কাটাতে চান।

২৮ বছর বয়সী মিশরীয় এই ফুটবলার ২০১৮ সালে লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেন। এর এক বছর আগে ইতালিয়ান ক্লাব রোমা থেকে যোগ দেন লিভারপুলে। ১৭ গোল করে চলতি মৌসুমে দলের শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা।

৩০ বছর পর দলকে লিগ শিরোপা উপহার দিতে পেরে দারুণ খুশি এই তারকা। বলেন, ‘আমি খুবই খুশি। আমি কোনো ভাবেই বোঝাতে পারব না ৩০ বছর পর লিগ শিরোপা জয়ের অনুভূতিটা কেমন ছিল। আমি মানুষদের আনন্দ দেখতে পাচ্ছি, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

লিভারপুলের প্রেমে মশগুল সালাহর কণ্ঠে ঝড়ে ক্লাবের প্রশংসা, ‘আমি এখানকার পরিবেশ উপভোগ করি। আমি এই জায়গা ভালোবাসি এবং দীর্ঘ সময় এখানে থাকতে চাই। অন্য যে কোনো জায়গার চেয়ে এখানকার পরিবেশ অন্য রকম।’

লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে দল হিসেবে নিজেদের দারুণ বোঝাপড়াকেই টনিক মানেন সালাহ। আশা প্রকাশ করেন এটা বজায় থাকলে লিভারপুল আরো অনেক কিছুই জিতবে।

সালাহ বলেন, ‘দল হিসেবে আমরা খুব ভালো মানিয়ে নিয়েছি। আমাদের সবার বোঝাপড়া দারুণ। এটা বজায় থাকলে আমরা আরো অনেক কিছু অর্জন করতে পারব। বর্তমান অবস্থানটা ধরে রাখা কঠিন কিন্তু অসম্ভব নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত