উচ্চ রক্তচাপ থেকে সৃষ্টি হয় হৃদরোগ। ঠিক কী কারণে মানবদেহে এই সমস্যাটি দেখা দেয়, তা সঠিকভাবে আজও জানা যায়নি। বলা হয় জেনেটিক কারণ ও খাদ্যাভ্যাসই এজন্য দায়ী। উচ্চ রক্তচাপ একবার ধরা পড়লে ব্যক্তিকে নিয়মিত পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। বিপদ এড়াতে বাদ দিতে হয় কিছু খাবার।
লবণ : উচ্চ রক্তচাপে লবণ খুব ক্ষতিকর। পাতে লবণ না খাওয়াই উত্তম। লবণের হাই-সোডিয়াম লেভেল রক্তের চাপ বাড়িয়ে দেয়। হঠাৎ মৃত্যুঝুঁকি কমাতে হলে পাতে লবণ খাওয়া বাদ দিতে হবে।
চিনি : উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে এড়িয়ে যেতে হবে চিনিও। চিনি এমনিতে শরীরের জন্য ক্ষতিকর। পাশাপাশি এতে ক্যালরি বেশি থাকে। যদি কেউ মিষ্টি পছন্দ করেন, তবে ডার্ক চকলেট কিংবা তাজা ফল খেতে পারেন। তৈরি মিষ্টির পুষ্টিগুণ খুব বেশি নেই। বরং রক্তচাপের ক্ষতি করে।
আচার : বেশির ভাগ আচারে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়। এ কারণে উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের আচার খাওয়া থেকে বিরত থাকা উচিত।
অ্যালকোহল : বেশি মাত্রায় অ্যালকোহল পান করলে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অ্যালকোহল পান থেকে বিরত থাকুন।
চর্বি : যেসব খাবারে চর্বির পরিমাণ বেশি থাকে, সেসব খাবার এড়িয়ে চলাই ভালো। মুরগির মাংসের চামড়ায় চর্বির মাত্রা বেশি থাকে, যা রক্তচাপ প্রভাবিত করে। তা ছাড়া লাল মাংস এবং মাখন চর্বিতে পরিপূর্ণ, যা রক্তচাপ রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রক্রিয়াজাত ও প্যাকেটের খাবার : প্যাকেটের খাবার কিংবা রেডিমেড খাবার রক্তচাপ বাড়িয়ে দেয়। এসব খাবারে প্রচুর পরিমাণে চিনি, লবণ এবং সংরক্ষণশীল পদার্থ থাকে। মাংস থেকে শুরু করে সস, চিপস ও কোমলপানীয় রয়েছে এ তালিকায়।
