লিওনেল মেসির ৭০০

আপডেট : ০২ জুলাই ২০২০, ০২:০৮ এএম

মাঠে নামলেই নিজেকে নতুন উচ্চতায় তুলে নেওয়া লিওনেল মেসি স্পর্শ করেছেন আরও এক মাইলফলক। ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন ৭০০ ক্যারিয়ার গোল। ৩৩তম জন্মদিনের কয়েক দিন পরেই ক্যারিয়ারের ৮৬২তম ম্যাচে এই কীর্তি গড়লেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

মেসির এই অনবদ্য যাত্রার শুরুটা হয়েছিল ২০০৫ সালের ১ মে। লা লিগায় আলবাসেতের বিপক্ষে সিনিয়র পর্যায়ের প্রথম গোলটি করেছিলেন তিনি। লিগে ৪৭৮ ম্যাচে ৪৪১টি, চ্যাম্পিয়নস লিগে ১৪১ ম্যাচে ১১৪টি ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে ৭৫টি গোল করেছেন মেসি। বাকি ৭০টি গোলের দেখা তিনি পেয়েছেন জাতীয় দল আর্জেন্টিনার হয়ে, ১৩৮ ম্যাচে।

৭০০ এলিট ক্লাবের ৭ নম্বর সদস্য মেসি। ৮০৫ গোল নিয়ে এই ক্লাবের শীর্ষে আছেন চেক-অস্ট্রিয়ান ইয়োসেফ বিকান। এরপর আছেন দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও (৭৭২) ও পেলে (৭৬৭)। হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের গোল ৭৪৬টি। সাবেক জার্মান স্ট্রাইকার গার্ড মুলার ৭৩৫ গোল নিয়ে আছেন পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের অক্টোবরে ইউরো বাছাইয়ে ইউক্রেনের বিপক্ষে ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন পর্তুগিজ তারকা। এরপর নামের পাশে যোগ করেছেন আরও ২৬ গোল।

আর্জেন্টাইনের অধিকাংশ গোলই এসেছে বাঁ পা থেকে, ৫৮২টি। ডান পা থেকে এসেছে ৯২ গোল। হেডে করেছেন ২৪টি। ফ্রি-কিক থেকে ৫২ গোল করেছেন মেসি। স্পট কিক থেকে করেছেন ৯০টি। মেসি অধিকাংশ গোল করেছেন ডি-বক্সের মধ্য থেকে, ৫৮০টি। ১২০টি করেছেন পেনাল্টি বক্সের বাইরে থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত