করোনা পরিস্থিতিতে দীর্ঘ ১০৫ দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ‘সাগরকন্যা’খ্যাত কুয়াকাটা সমুদ্রসৈকত। গতকাল বুধবার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলে পটুয়াখালী জেলা প্রশাসন এ অনুমতি দেয়। ইতিমধ্যে হোটেল-মোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের সেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। গতকাল থেকেই কুয়াকাটায় পর্যটকদের দেখা গেছে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত ১৮ মার্চ সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। এতে পর্যটনসংশ্লিষ্ট খাতের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন। টানা বন্ধে লোকসানে পড়েন ব্যবসায়ীরা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, পর্যটন এলাকার স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন তারা। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, ‘ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
