যুক্তরাষ্ট্রে এক দিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার নতুন শনাক্ত হয়েছে ৫২ হাজার ৭৮৯ জন। যুক্তরাষ্ট্রে মহামারী শুরুর পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিকে ওই দিন বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তদের শনাক্তেও নতুন রেকর্ড হয়েছে। বিশ্বে ওই দিন প্রায় ১ লাখ ৯৭ হাজার রোগী শনাক্ত হয়। এর আগে এই সংখ্যা ছিল ১ লাখ ৯৫ হাজার।
সব মিলিয়ে গত বুধবার বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার জনে। আর মারা গেছে অন্তত ৫ লাখ ১৫ হাজার ৫৪২ জন।
তবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ২ হাজার ৮৪৯ জন। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫৯ লাখ ৩৮ হাজার ৯৫৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৬ লাখ ৮৪ হাজার ৪১৬ মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৪ জনের।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৮ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৬০ হাজার ৬৩২ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৫৩ হাজার ৪৭৯ জনে। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪০০ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
