রনোকে দেখতে ঢামেকে গেলেন জাফরুল্লাহ

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৬:৫৯ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন সিপিবি নেতা হায়দার আকবর খান রনোকে দেখতে গিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের নতুন ভবনের কার্ডিওলজির বিভাগের আইসিইউ কেবিনে গিয়ে রনোর চিকিৎসার খোঁজখবর নেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। এ সময়ে তার সঙ্গে ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউপ্রধান ডা. নজীব মোহাম্মদ, রেডিওলজি বিভাগের প্রধান ডা. মতিন খান, শওকত আরমান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী সিপিবি নেতা হায়দার আকবর রনোর সুস্থতা কামনা করে তাকে বলেন, ‘তুমি বাংলাদেশে জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে আমাদের জনগণের মুক্তির আন্দোলনের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে।’

সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রনো গত ২৮ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেও কিছুদিন আগে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। তবে এখনো তিনি নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন। বুধবার তার অবস্থার অবনতি হয়েছিল। তবে গতকাল কিছুটা উন্নতি হওয়ায় তিনি সিপিবি নেতাকে দেখতে ঢাকা মেডিকেলে যান। পরে তিনি ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিনের সঙ্গে দেখা করেন। এ সময় ঢামেকের প্রথম পরিচালক কর্নেল এমএন হকের সততা ও কর্তব্যের কথা স্মৃতিচারণ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হি ওয়াজ গ্রেট ম্যান। প্রথম পরিচালক কখনো বিদেশে গিয়ে চিকিৎসা নিতেন না, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া পছন্দ করতেন না। তিনি সৎ ও নিষ্ঠাবান ছিলেন।’

ঢামেকের সাবেক ছাত্র জাফরুল্লাহ চৌধুরী গত মাসের ২৪ মে করোনায় আক্রান্ত হওয়ার পর ঢামেক কর্র্তৃপক্ষ তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আইসিইউ কেবিন বরাদ্দ করে। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা সবসময় তার চিকিৎসার খোঁজখবর এবং প্লাজমা সরবরাহ করার জন্য তিনি পরিচালক, অধ্যাপক, টেকনিশিয়ানসহ সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানান।

জবাবে ঢামেকের পরিচালক নাসিরউদ্দিন বলেন, ‘আপনার জন্য আমরা ঢামেকে চিকিৎসার সব ব্যবস্থা করেছিলাম। আপনি আমাদের চিকিৎসা নিলে আমরা খুবই উৎসাহী হতাম।’ এর উত্তরে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তোমাদের এখানে অনেক রোগীর চাপ। তাই তোমাদের ওপর আরও চাপ সৃষ্টি না করে আমার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছি। তোমাদের আর দেশের জনগণের দোয়ায় আল্লাহর রহমতে আর চিকিৎসদের অক্লান্ত সেবায় ও পরিশ্রমে আমি এখন সুস্থ হয়ে উঠেছি।’ বর্তমান পরিচালককে তিনি আরও বলেন, ‘শত সমস্যার মাঝেও তুমি ভালো কাজ করছ।’

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউপ্রধান অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ, রেডিওলজিপ্রধান অধ্যাপক ডা. মতিন খান, অধ্যাপক ডা. শওকত আরমান।

এর আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান সিটি স্ক্যান করাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত