কে তোমার আম্মা কে তোমার বাবা
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে...
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা যাওয়া সিরিয়ান শরণার্থী শিশু আইলানকে নিয়ে ‘সিরিয়ার ছেলে’ শিরোনামের গানটি লিখেছেন জীবন্ত কিংবদন্তি কবীর সুমন। সুরও করেছেন তিনি।
খুশির খবর হলো গানটিতে কণ্ঠ দেবেন ঢাকার জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। নিজের ফেইসবুক পেজে লিরিকের কয়েক লাইন প্রকাশ করে তথ্যটি জানান ‘এখনো মাঝে মাঝে’ গায়ক।
এ প্রসঙ্গে আসিফ সংবাদমাধ্যমকে বলেন, “হিট গানের পেছনে দৌড়ানো ছেড়ে দিয়েছি। চেষ্টায় আছি ভালো কিছু কথা ও সুরের গান নিজের অ্যাকাউন্টে জমা করার।”
কবীর সুমনের সঙ্গে আসিয়ের গান করার ইচ্ছা অনেকদিনের। অবশেষে ২৯ জুন সন্ধ্যায় অনেকক্ষণ তারা কথা বলেন। ওই সময়ের কথা উল্লেখ করে আসিফ জানান, “সুমন দাদা আমার কণ্ঠ শুনে পছন্দ করেছেন। বলেছেন, এমন কণ্ঠ ওপার বাংলাতেও নেই। আমার জন্য গান তৈরি করতে তার ভালো লাগবে বলেও জানান। এখন থেকে তিনি আমার জন্য গান তৈরি করতেই থাকবেন আর আমি গাইতেই থাকব— এটাই সিদ্ধান্ত হয়েছ।”
ইতিমধ্যে গানটি সুর করে পাঠিয়েছেন সুমন। সংগীত পরিচালকের দায়িত্ব নিয়েছেন শওকত আলী ইমন।
