সুশান্তর মৃত্যুতে ফায়দা লুটছেন কিছু তারকা

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৩:০৬ পিএম

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তিন সপ্তাহ হতে চলল। প্রায় প্রতিদিনই এক-এক জন সেলেব্রিটি তার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি তুলছেন, বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করছেন। কিন্তু সেলিব্রিটিদের আচরণ বলছেন ন্যায় বিচারের জন্য তারা লড়ছেন না। বরং নিজ নিজ স্বার্থ প্রাধান্য পাচ্ছে এতে।

সোমবার সুশান্তর পাটনার বাড়িতে গিয়ে দেখা করেন অভিনেতা শেখর সুমন। টুইটারে ছবি পোস্ট করেন সুশান্তর বাবার সঙ্গে। এর পর তিনি প্রেস কনফারেন্স করতে যান রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা ও বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে। বছরের শেষে বিহারে ভোট। শোনা যাচ্ছে, আরজেডিতে নাম লেখাতে পারেন শেখর। তাই সুশান্তকে নিয়ে তার মাথাব্যথা। সুমনের সাক্ষাৎকে ‘রাজনৈতিক গিমিক’ বলেও কটাক্ষ করেছে অভিনেতার পরিবার। এ তারকার মৃত্যুর পর থেকেই ‘বিহার সেন্টিমেন্ট’কে জাতীয় স্তরে উস্কে দেওয়ার চেষ্টা করছে অনেক রাজনৈতিক দল।

শেখরের সঙ্গে ছিলেন সুশান্তর ‘ঘনিষ্ট বন্ধু’ সন্দীপ সিং। অভিযোগের তীর রয়েছে তার বিরুদ্ধেও। সুশান্তর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কোনো একটি ঝামেলা পাকিয়ে রেখেছেন তিনি। সুশান্তর অন্য এক বন্ধু পুলিশের কাছে দাবি রাখেন সন্দীপের ফোন চেক করার। সুশান্তের প্রোফাইলের গড়বড় উল্লেখ করে টুইট করেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

সুশান্তর আত্মহত্যার পেছনে ‘নেপোটিজম’ বিতর্ক বারবার উঠে আসছে, তার পুরোভাগে আছেন কঙ্গনা রনৌত। এই ঘটনাটিকে সামনে রেখে তিনি নতুন করে অস্ত্রে শান দিয়ে নিলেন। একের পর এক ফ্লপ সিনেমার এই অভিনেত্রীর হালে আলোচনা থাকার অস্ত্র হলো- হৃতিক রোশন ও স্বজনপোষণ নিয়ে তোপ দাগা। অথচ ২০১৮ সালের ‘গাল্লি বয়’-এর রণবীর সিং-এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি, এখন বলছেন ইচ্ছা করে ‘ছিঁছোড়’-এর জন্য পুরস্কার দেওয়া হয়নি সুশান্তকে।

সুশান্তর শেষ ছবি ‘দিল বেচারা’র অভিনেত্রী সঞ্জনা সাংঘির সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চলছে জল্পনা। অভিনেতার মৃত্যুর পরে ইনস্টাগ্রামে কাঁদতে দেখা যায় তাকে। মুম্বাই ছেড়ে দিল্লি যাওয়ার সময়ে তিনি যে স্টোরি পোস্ট করেন, তাতে অনেকের মনে হয়, তিনি পাকাপাকিভাবে মুম্বাই ছাড়ছেন। কিন্তু অভিনেত্রী নিজেই আর একটি স্টোরিতে সেই জল্পনার নিরসন করেন। সবটাই কি প্রচারের স্বার্থে করা?

এই প্রতিবাদের মিছিলে সবচেয়ে বেশি চমক জাগানো নাম, শেখর কাপুর। সুশান্তর মৃত্যুর পরে তিনি একাধিক ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন। বলতে দ্বিধা নেই, এখনো অবধি সবচেয়ে তাৎপর্যপূর্ণ টুইটটি করেছিলেন শেখর। তার পরিচালনায় ‘পানি’ ছবিতে কাজ করার কথা ছিল সুশান্তর। দুই বছর প্রস্তুতির পর প্রজেক্টটি স্থগিত করে দেয় যশ রাজ ফিল্মস। সুশান্তের এই পরিণতি না হলে কি এই প্রসঙ্গে শেখর আদৌ মুখ খুলতেন?

এ ছাড়া অনেকেই স্বজনপোষণ নিয়ে মন্তব্য করেছেন সুশান্তর মৃত্যুর পরপর। কিন্তু তার বেশির ভাগের আচরণই সন্দেহজনক। প্রয়াতের চেয়ে নিজেদেরই বেশি হাইলাইট করেছেন তারা। এমনকি করণ জোহর, সালমান খানদের সঙ্গে থাকা শক্রতাকে উসকে দিচ্ছেন কেউ কেউ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত