সাকিবকে যে চ্যালেঞ্জ দিলেন সাইফউদ্দিন

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১০:৫৬ পিএম

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান ক্রিকেট থেকে দূরে। তবে করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ থাকায় সাকিবকে খুব বেশি ম্যাচ মিস করতে হচ্ছে না। এদিকে সাকিবের নিষেধাজ্ঞার সময়ও শেষ হয়ে আসছে। অক্টোবরেই মুক্তি মিলবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। তবে ফিরেই সাকিবকে মুখোমুখি হতে হবে চ্যালেঞ্জের!

বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারকে একরকম ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাতীয় দলের তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিবের প্রত্যাবর্তন উপলক্ষেই সেই চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি।

২৩ বছর বয়সী সাইফউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সেই চ্যালেঞ্জের বিষয়ে। সবকিছু স্বাভাবিক হয়ে গেলে এই দুইয়ের মধ্যে হবে লড়াই। যেখানে সাকিবকে ২ ওভারে ২২ রান নেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন সাইফউদ্দিন। সাকিব সেই চ্যালেঞ্জ গ্রহণও করেছেন।

ফেইসবুকে সাইফউদ্দিন লিখেছেন, ‘আজকে সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করব এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহন করেছে।’

সাকিবের সঙ্গে এই লড়াইয়ের জন্য দোয়াও চেয়েছেন সাইফউদ্দিন, ‘যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি, তারপর আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করব ইনশা আল্লাহ।’

ফেইসবুক পোস্টে সাকিবের সঙ্গে খেলা চলাকালে নিজের একটি ছবির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে দুজনের মধ্যকার হোয়াটসঅ্যাপ কনভারসেশনের স্ক্রিনশটও দিয়েছেন সাইফউদ্দিন। যেখানে দেখা যাচ্ছে সাকিব লিখেছেন, ‘তাহলে তো আমার প্রিপারেশন নিতে হয়।’

মাঠে ফেরার মানসিক প্রস্তুতিটাও নিশ্চয়ই নিতে শুরু করেছেন সাকিব আল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত