পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। গতকাল শুক্রবার সকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন। প্রেসিডেন্ট পত্র গ্রহণ করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দেন। তবে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ফিলিপ। মাত্র শেষ হওয়া ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে হাভ-র নামক একটি পৌরসভায় এডওয়ার্ড ফিলিপ মেয়র নির্বাচিত হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে প্রধানমন্ত্রী ফিলিপের পদত্যাগের বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। করোনা মহামারী শুরু হওয়ার পর সে আশঙ্কা বেড়ে যায়। বিশেষত প্রেসিডেন্ট ম্যাখোঁ এবং ফিলিপের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে ফ্রান্সের মূলধারার গণমাধ্যমে আলোচনা হচ্ছিল প্রায় প্রতিদিনই।
লকডাউন শেষে মন্ত্রিসভা রদবদলের আলোচনা শুরু হয়। যেকোনো মুহূর্তে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন, তা বলা হচ্ছিল ফ্রান্সের মূলধারার রাজনীতিতে। অবশেষ শুক্রবার সকালে তিনি পদত্যাগ করলেন।
ফরাসি পত্রিকা লু-পারিজিয়ার তথ্যমতে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ম্যাখোঁ ও প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ এলিজি প্রাসাদে সাক্ষাতে মিলিত হন। ওই বৈঠকেই পদত্যাগের সিদ্ধান্ত হয় এবং শুক্রবার সকালে পদত্যাগের ঘোষণা আসে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত দাপ্তরিক দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে প্রধানমন্ত্রী ফিলিপ নিশ্চিত করেন। তবে আগামী বুধবারের আগে মন্ত্রিসভা রদবদলসহ নতুন প্রধানমন্ত্রীর ঘোষণাও আসতে পারে বলে ধারণা করছে ফ্রান্সের রাজনৈতিক মহল।
