কম পরীক্ষার দিনে আরও ৩১১৪ রোগী শনাক্ত

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৬:১৩ এএম

দেশে গত ১৩ দিনের মধ্যে সবচেয়ে কমসংখ্যক নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ১১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার ছিল দেশে করোনা শনাক্তের ১১৮তম দিন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এসব পরীক্ষায় ২১ শতাংশের সামান্য বেশি হারে রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষা কম হওয়ায় এদিন রোগীও শনাক্ত হয়েছে গত ১৮ দিনের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মোট ৭১টি পরীক্ষাগারের মধ্যে পরীক্ষা হয়েছে ৬৩টিতে। বাকি ৭টি বেসরকারি ও একটি সরকারি পরীক্ষাগারে কারিগরি ত্রুটিসহ বিভিন্ন কারণে পরীক্ষা বন্ধ ছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও দেড় হাজারের বেশি রোগী। গতকাল নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৮১টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ১১৪ জনের মধ্যে কভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৬ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৪২ জন এবং হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৬ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষায় মোট ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৯ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৬৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৪৮ জন। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ২৬ শতাংশ ও সুস্থতার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ। পরীক্ষা কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে গাজীপুরের ডা. ফরিদা হক মেমোরিয়াল ইবরাহীম জেনারেল হাসপাতাল কভিড-১৯ ডায়াগনস্টিক ল্যাব, যেটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান। এ নিয়ে দেশে মোট ৭১টি প্রতিষ্ঠানের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হচ্ছে।

ডা. নাসিমা জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১০ জন। সর্বোচ্চ ১৮ জন মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১০ জন, রংপুরে ৪ জন, খুলনা, রাজশাহী ও সিলেটে ৩ জন করে এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে ১১ জন। মৃতদের মধ্যে ১১-২০ বছরের ১ জন, ২১-৩০ বছরের ৩ জন, ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৫ জন, ৫১-৬০ বছরের ১১ জন, ৬১-৭০ বছরের ১১ জন, ৭১-৮০ বছরের ৭ জন এবং ৮১-৯০ বছরের ৩ জন।

তিনি জানান, সারা দেশের কভিড হাসপাতালগুলোতে মোট ১৪ হাজার ৭৭৫টি সাধারণ বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ৪ হাজার ৭০৮ জন এবং ৪০১টি আইসিইউ বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ২০৯ জন। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৭৮ জন এবং ছাড়া পেয়েছেন ৬৬৭ জন। গত বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যার হাসপাতালে নতুন করে ১০টি আইসিইউ বেড সংযোজিত হয়েছে বলে তিনি জানান।

বুলেটিনে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৭৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ১৫ হাজার ৯৪৭ জন। একই সময়ের মধ্যে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও ২ হাজার ৭১৪ জনকে। বর্তমানে সারা দেশে কোয়ারেন্টাইনে আছেন মোট ৬৩ হাজার ৫৫৬ জন। স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩, ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে ২৪ ঘণ্টায় কল এসেছে ১ লাখ ৬২ হাজার ৮১৩ টি। স্থল, সমুদ্র ও বিমানপথে ২৪ ঘণ্টায় দেশে প্রবেশ করেছেন ১ হাজার ১৮২ জন, তাদের প্রত্যেককে স্ক্রিনিং করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত