কথাসাহিত্যিক মকবুলা মনজুর চলে গেলেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।
লেখিকা সংঘের সভাপতি দিলারা মেসবাহ গতকাল রাতে দেশ রূপান্তরকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মকবুলা মনজুর লেখালেখির পাশাপাশি সাংগঠনিকভাবে লেখিকা সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এ সংগঠনের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।
লেখিকা সংঘের সভাপতি বলেন, মকবুলা মনজুর দেশের একজন অগ্রগণ্য সাহিত্যিক। তিনি বেঁচে থাকবেন তার কাজ দিয়ে। লেখিকা সংঘে তিনি দীর্ঘদিন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আমাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন।
১৯৩৮ সালের ১৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাইয়ে বাবা মিজানুর রহমান ও মা মাহমুদা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন মকবুলা মনজুর। বাবা মিজানুর রহমান লেখালেখি করতেন।
মকবুলা মনজুর রচিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে কালের মন্দিরা, আর এক জীবন, অবসন্ন গান, আত্মজা ও আমরা, প্রেম এক সোনালী নদী, বাউল বাতাস, ছায়াপথে দেখা, সায়াহ্ন যূথিকা ও নক্ষত্রের তলে।
মকবুলা মনজুর তার জীবদ্দশায় সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার শ্রেষ্ঠগ্রন্থ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
