করোনা উপসর্গ নিয়ে ব্যাংকারসহ ৯ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৬:৩১ এএম

করোনা উপসর্গ নিয়ে তিন জেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজন এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দুজন রয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিমল (৬০) নামে নগরীর বিমানবন্দর এলাকার বাসিন্দা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সন্ধ্যা ৭টার দিকে জিতেন্দ্রনাথ বিশ্বাস (৭০) নামে একজন ভর্তির কিছুক্ষণ পরই মারা যান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম (৫৫)। এদিন সকাল ৯টার দিকে মারা যান আবুল কালাম আজাদ (৫০) নামে আরেকজন। পরিচালক আরও জানান, মৃতদের মধ্যে একজন করোনা নেগেটিভ ছিলেন। অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চাঁদপুর : গতকাল শুক্রবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের নুরুল ইসলাম মিয়াজী (৭১) এবং শ্রী কালিয়া গ্রামের আবু তাহের (৬০)। হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন নুরুল ইসলাম। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। আর তাহের শুক্রবার সকালে ভর্তির আধা ঘণ্টা পরেই মৃত্যুবরণ করেন। তিনি কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাজশাহী : উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে তিনজন মারা গেছেন। তারা হলেনÑ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নগরীর মহিষবাথান এলাকার এখলাসুর রহমান (৪০), নগরীর রামচন্দ্রপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শামীমা বেগম (৪৮) এবং তেরোখাদিয়া এলাকার মেরাজুল ইসলাম (৪০)। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এ দিন রাত সোয়া ১২টার দিকে মারা যান ব্যাংকার এখলাসুর। এ ছাড়া শুক্রবার ভোর ৪টার দিকে মারা যান মেরাজুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত