হবু মায়ের মাংসপেশিতে টান

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৭:২৫ এএম

গর্ভবতী নারীদের নানা সমস্যায় ডাক্তারের চেম্বারে বা হাসপাতালে যাওয়া এখন একটু ঝুঁকিপূর্ণ। তাই ছোটখাটো সমস্যা নিজেরাই বাড়িতে বসে সমাধান করতে পারেন। কিংবা টেলিমেডিসিনের সাহায্য নিতে পারেন। হবু মায়ের মাংসপেশিতে টান পড়লে ঘরে বসে কী করবেন জানালেন পিটিআরসি কনসালট্যান্ট

ফিজিওথেরাপিস্ট উম্মে শায়লা রুমকী

পায়ের পেছনের মাংমপেশিতে টান লেগে ব্যথা বোধ করা গর্ভকালীন সময়ে গর্ভবতী নারীর জন্য সাধারণ ঘটনা। এটি মূলত হবু মায়ের বাড়তি ওজন এবং ক্যালসিয়াম ঘাটতি বা ক্যালসিয়াম তৈরির প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে হয়ে থাকে। তা ছাড়া মায়ের গর্ভে শিশু যত বাড়তে থাকে, বাড়তি ওজন মায়ের পায়ের দিকের নার্ভ বা রক্তনালির ওপর বাড়তি চাপ প্রয়োগ করে থাকে। ফলে রক্তপ্রবাহ সঠিকভাবে হতে পারে না এবং পায়ের মাংসপেশিতে টান অনুভূত হয়।

এ রকম সময়ে কী করবেন

 পা সোজা করে পায়ের পেছনের মাংশপেসিতে হালকা মালিশ করতে পারেন।

 গরম পানিতে তাওয়াল ভিজিয়ে হালকা সেঁক বা পানির বোতলে গরম পানি দিয়ে সেঁক দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিট।

 ভয় পাবেন না, কারণ রিলাক্স পজিশনে থাকলে কিছু সময়ের মধ্যে ব্যথা চলে যায়।

বেশির ভাগ ক্ষেত্রে বাচ্চা প্রসবের পর পায়ের টান চলে যায়।

গর্ভকালীন সময়ে শুরু থেকে যে কাজগুলো করবেন

কাফ মাসেল স্ট্রেচিং : হাঁটুর নিচ থেকে পায়ের পেছনের দিকের মোটা ও লম্বা মাংসপেশিকে কাফ মাসেল বলে। প্রতিদিন একবার কাফ মাসেল স্ট্রেচিং করতে হবে। সোজা হয়ে পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়ালে কাফ মাসেলে টান বা স্ট্রেচ হয়। দশ সেকেন্ড ধরে রেখে পা নামিয়ে ফেলুন। তিন বা চারবার রিপিট করুন। চাইলে বসেও কাফ মাসেল স্ট্রেচ করা যায়। বসে দুই পা সোজা করে দিন, তাওয়াল দিয়ে পায়ের পাতা সামনের দিকে টেনে আনার চেষ্টা করুন।

হাঁটা : গর্ভকালীন সময় প্রথম তিন মাস প্রতিদিন দশ মিনিট হাঁটতে হবে। পরের তিন মাস পনেরো মিনিট হাঁটতে পারেন এবং শেষ তিন মাসে পাঁচ থেকে সাত মিনিট করে হাঁটার অভ্যাস করতে হবে।

পানি : শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে পায়ের মাংসপেশিতে টান লাগে।

তাই এ সময় প্রচুর পানি বা পানি-জাতীয় খাবার খেতে হবে। যেমন সুপ, ফলের রস, ডাবের পানি ইত্যাদি।

ক্যালসিয়াম : এ সময় ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন ডিম, দুধ, সবুজ শাকসবজি, ফল, কলিজা ইত্যাদি। ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে।

যা করবেন না

পা ক্রস করে বসলে পায়ের ওপর চাপ পড়ে এবং রক্ত চলাচল ব্যাহত হয়। তাই এ ধরনের পজিশনে বসবেন না। দীর্ঘ সময় একই ধরনের পজিশনে না থেকে দু-এক ঘণ্টা পরপর অবস্থান বদলাতে হবে। রাতে যাদের বেশি ক্রাম্প বা টান হয়, তারা ঘুমাতে যাওয়ার আগে ঠা-ার সমস্যা না থাকলে হালকা গরম পানিতে গোসল করতে পারেন। সাঁতারও করা যায়। তবে সাঁতার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত