মুখরোচক পটোল

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৭:২৭ এএম

পটোল দিয়ে মজাদার কয়েক পদের রেসিপি দিয়েছেন তাসলিমা জাহান সুইটি

চাল পটোল

উপকরণ

পটোল কিউব করে কাটা ৭টি, চিনিগুঁড়ো চাল আধা কাপ, আলু কিউব করে কাটা ৩টি, সরিষার তেল সিকি কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো ১ চা চামচ, জিরার গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, গরম মসলার গুঁড়ো ১ চা চামচ, ঘি ১ চা চামচ, চিনি সিকি চা চামচ, কাঁচা মরিচ ৪টি, দারুচিনি ২টি, এলাচ ২টি, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পটোল ও আলু, হলুদ ও লবণ মেখে আলাদা করে তেলে ভাজুন।

২. ফ্রাইপ্যানে তেল গরম করে গরম মসলা ছাড়া দারুচিনি, এলাচ ও বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন।

৩. এবার এর মধ্যে চাল দিয়ে আরও একটু কষান। ভালোমতো কষানো হলে আলু ও পটোল দিয়ে দিন।

৪. এককাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন। চাল সেদ্ধ হয়ে এলে, গরম মসলা গুঁড়ো ও ঘি ছিটিয়ে দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

পটোল পাতুরি

উপকরণ

পটোল ৬টি, পোস্ত বাটা ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো ১ চা চামচ, নারকেল কোড়া ২ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ ৩টি, জিরার গুঁড়ো ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পটোল ছেঁচে হলুদ ও লবণ মাখিয়ে অল্প তেলে ভেজে নিন।

২. বাকি উপকরণ দিয়ে পেস্ট তৈরি করে রাখুন।

৩. এবার ভাজা পটোল পেস্টের মধ্যে মেখে নিন।

৪. কলাপাতা ধুয়ে পানি মুছে ফ্রাইপ্যানে ছেঁকে নিন।

৫. কলাপাতার ওপর গ্রেভিসহ ২ টুকরো পটোল দিয়ে ফোল্ড করে এবং সুতা দিয়ে বেঁধে দিন।

৬. ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে অল্প আঁচে ১০ মিনিট এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 পটোলের বাটি ভাপা

উপকরণ

পটোল চিরে নেওয়া ৬টি, আদা বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ ৩টি, সরিষা বাটা ১ টেবিল চামচ, পোস্ত বাটা ২ টেবিল চামচ, কাজু বাটা ২ টেবিল চামচ, হলুদের গুঁড়ো সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি সিকি চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, কালিজিরা সিকি চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পানি ও লবণ দিয়ে পটোলগুলোকে ভাপিয়ে নিন।

২. এবার একটি বাটিতে ভাপানো পটোলসহ সব উপকরণ মাখিয়ে নিন। সামান্য পানি দিন। ওপরের কাঁচা মরিচ এবং কালিজিরা ছিটিয়ে দিন।

৩. ঢাকনা দিয়ে স্টিমে দিন এবং ১০ মিনিট কুক করে নিন। গরম-গরম পরিবেশন করুন।

পটোলের দোলমা

উপকরণ

পটোল ১০টি। পুর তৈরি : চিকেন কিমা ১ কাপ, জিরার গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, দারুচিনি ও এলাচি ২টি, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুুচি ৪টি।

গ্রেভি তৈরি : হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পটোল ছেঁচে একপাশ দিয়ে চামচের সাহায্যে বিচি বের করে সামান্য হলুদ এবং লবণ দিয়ে মেখে পটোল মেখে অল্প তেলে ভেজে নিন।

২. পাত্রে তেল দিয়ে দারুচিনি, এলাচি ও পেঁয়াজের কুচি লাল করে ভেজে নিন। এবার পুরের অন্য সব উপকরণ দিয়ে মাখা মাখা করে রান্না করে নিন।

৩. এবার ভাজা পটোলের ভেতর পুর ঢুকিয়ে নিন।

৪. অন্য একটি পাত্রে তেল দিন। একে একে গ্রেভির সব মসলা ভালোমতো কষিয়ে সামান্য পানি দিন। পানি ফুটে উঠলে এবার পুর ভরা পটোল দিয়ে রান্না করুন।

৫. তেল ওপরে উঠলে এবং মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত