করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানিয়েছেন।
তিনি জানান, করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশঙ্কায় শনিবার সকাল হতে ১৭ জুলাই পর্যন্ত ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া জানান, ক্যাম্পাসে করোনা রোগীর সংখ্যা ১৩ জন। এ রোগীর সংখ্যা প্রতিদিন ৩-৪ জন করে বেড়ে যাচ্ছে। লকডাউন না করলে সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
তিনি জানান, লকডাউনের মধ্যে খাবার-ওষুধ কেনা ছাড়া বাইরে বের হওয়া নিষেধ।
