বিএনপি নেতারা আইসোলেশনে থেকে দোষ ধরেন : তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৬:৫১ এএম

বিএনপি নেতারা জনগণের সহায়তায় এগিয়ে না এসে ঘরের মধ্যে আইসোলেশনে থেকে শুধু প্রেস ব্রিফিং করে আর সরকারের দোষ ধরে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেছেন, করোনা মোকাবিলায় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাই মানুষের পাশে আছে।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান ও বন্যহাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারকে সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘যারা ঘরে বসে বসে শুধু সমালোচনা করছেন, তারা কিন্তু  ঘর থেকে বের হচ্ছেন না। পক্ষান্তরে আওয়ামী লীগ ও সরকারের কেউ কিন্তু বসে নেই। আক্রান্ত হলে কী হতে পারে সেটিও আমি জানি, তাই আমি নিজেও বসে নেই। সব প্রস্তুতি নিয়েই কিন্তু মাঠে কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে করোনা থেকে রক্ষা করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা নির্দেশনা মেনে জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। সে কারণে আমাদের দলের বহু নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক নেতা মারা গেছেন। জনগণের এই দুর্দশার সময় বসে থাকব, সেটা হতে পারে না।’ তিন মাসের দুর্যোগে খাদ্যের অভাবে কোনো মানুষ মারা যায়নি বলে মন্তব্য করেন তিনি। ক্রমান্বয়ে দেশে করোনাভাইরাস মোকাবিলার সামর্থ্য এবং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আগের সংকট ও হাহুতাশ অনেকটা কেটে গেছে। এখন আমরা উপজেলা পর্যায়েও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যেসব অসুবিধা ছিল তার মধ্যে অনেকগুলো ইতিমধ্যে দূর করা হয়েছে। কিছুদিনের মধ্যে ব্যবস্থা আরও ভালো হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত