সিলেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৬:৫৭ এএম

সিলেটের কানাইঘাটে দুই যুবকের বিরুদ্ধে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতার স্বামীর ভাষ্য, গত বুধবার গভীর রাতে বেড়া কেটে ঘরে ঢুকে চার বছরের শিশুসন্তানের সামনেই তার স্ত্রীকে ধর্ষণ করে উপজেলার ব্রাহ্মণগ্রামের আজাদুর রহমান (২৫) ও জাকারিয়া হোসেন (৩৫)। বৃহস্পতিবার ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানোর পর ঘটনাটি জানাজানি হয়।

নির্যাতিতার স্বামী গতকাল শনিবার দেশ রূপান্তরকে জানান, ধর্ষকরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী। তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। তারা নানা অপকর্মের সঙ্গেও জড়িত। এ ঘটনায় বিচার পাবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও পাশের গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় আজাদ। এ ছাড়া একই এলাকার এক তরুণী ও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু কোনো ঘটনারই বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে সে।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, এ ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত দুজনকে আটকের চেষ্টা চলছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে তিন শিশু ও এক নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত শুক্রবার প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া শেরপুরে ছয় বছরের আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে একই দিন রাতে স্থানীয় এক কিশোর ও সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তা ছাড়া নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

রাজবাড়ী : গোয়ালন্দের দৌলতদিয়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এ ঘটনায় গত শুক্রবার হাবিবুর রহমান হবি মন্ডল (৬০) নামে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত হবি দৌলতদিয়ার নুরু মন্ডলপাড়া গ্রামের হাতেম ম-লের ছেলে। ভুক্তভোগীর স্বজনরা জানান, গত বুধবার বিকেলে শিশুটির বাবা-মা বাড়িতে না থাকায় একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী হবি মন্ডল। এরপর বিষয়টি কাউকে না বলতে শিশুটিকে নানা ভয়ভীতিও দেখায় হবি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বাবা-মায়ের কাছে সব ঘটনা খুলে বলে ওই শিশু। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেন।

শেরপুর : নালিতাবাড়ীতে ছয় বছরের এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কিশোর ওই গ্রামের রবিন চিরানের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাতকুচি এলাকার এক শিশুকে চিপস কিনে দেওয়ার কথা বলে পাশের একটি লিচুবাগানে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

সাভার : পৌর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, এ ঘটনায় গতকাল শনিবার মো. সাজ্জাদ হোসেন সজল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সজল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, পাঁচ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করে আসছে সজল। একপর্যায়ে অন্তঃসত্তা হয়ে পড়লে সজলকে বিয়ের জন্য চাপ দেয় ওই নারী। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি কাউকে না বলতে ওই নারীকে মেরে ফেলার হুমকিও দেয় সজল। সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান, শুক্রবার রাতে ওই নারী থানায় একটি মামলা করেন। সজলকে গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইজ উদ্দিন (৬০) নামে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি মাঠে শাক তুলতে গেলে তাকে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আইজ উদ্দিন। পরে বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের কাছে সব ঘটনা খুলে বলে শিশুটি। আইজ উদ্দিন এলাকায় প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করার সাহস পাচ্ছে না তারা। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. শরীফ মিয়া জানান, এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত