বিগত তিন মাসে ৯০ ভাগ সদস্যই তদবিরের জন্য এসেছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘পুলিশে বাস্তবসম্মত বদলি ও পদায়ন নীতিমালা করা হচ্ছে। এর মাধ্যমে আমরা বদলির তদবির সংস্কৃতিকে চিরতরে বিদায় দিতে চাই।’
গতকাল শনিবার বিকেলে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। বৈঠকে অংশ নেওয়া ডিএমপির এক পুলিশ কমিশনার দেশ রূপান্তরকে জানান, পুলিশ সদস্যদের বদলি সংক্রান্ত জটিলতা এড়াতে নীতিমালা হচ্ছে। এতে পুলিশের কোনো সদস্য কোন এলাকায় কতদিন থাকবেন, তা নির্ধারিত থাকবে। তদবিরের মাধ্যমে কেউ কোথাও যেতে পারবেন না। শিগগিরই এই নীতিমালা চূড়ান্ত করা হবে।
আইজিপি বলেন, ‘অধিকাংশ পুলিশ সদস্য সন্তানের লেখাপড়ার জন্য ঢাকার বাইরে যেতে চান না। এজন্য বিভাগীয় শহরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে। সেখানে পুলিশ সদস্যদের মানসম্মত চিকিৎসাও নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘করোনাকালে পুলিশ একেবারে বদলে গেছে। সেবার মাধ্যমে জনগণের অকুণ্ঠ সমর্থন ও বিশ্বাস অর্জন করেছে। স্বাধীনতা যুদ্ধের পর পুলিশ এত সম্মান কখনো পায়নি। একদিন করোনা চলে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা কি আগের চেহারায় আবির্ভূত হব? আমি বলছি, আমরা আর পেছনে ফিরে যাব না। জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। জনগণের পুলিশ হতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নিতে হবে। প্রত্যেক সদস্যকে হতে হবে মাদকমুক্ত।’
তিনি আরও বলেন, ‘বাহিনীর সদস্যদের সুরক্ষার কথা ভেবেই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে মাত্র দুই সপ্তাহে ৫০০ শয্যার করোনা হাসপাতালে পরিণত করা হয়। একটি হাসপাতাল ভাড়া ও বিভাগীয় হাসপাতালগুলো আধুনিকায়ন করা হয়। মাত্র ১২ দিনে পিসিআর মেশিন বসানো হয়। সংক্রমণ এড়াতে আবাসন ছাড়াও দায়িত্বে পরিবর্তন আনা হয়। এর সুফল হিসেবে এখন পুলিশে আক্রান্ত ও মৃত্যুহার কমে গেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
বক্তব্যের শুরুতে আইজিপি জনগণকে সুরক্ষা দিতে গিয়ে করোনায় পুলিশের মৃত ৪৬ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সুখে-দুঃখে তাদের পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির সব থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
