চলে গেলেন সন্দেশ প্রকাশনীর লুৎফর রহমান

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৭:০২ এএম

দেশের অন্যতম সৃজনশীল প্রকাশক ও সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী লুৎফর রহমান চৌধুরী মারা গেছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বড় মগবাজার এলাকার বাসায় একা বসবাস করতেন লুৎফর রহমান চৌধুরী। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। পেশাগত কারণে লুৎফর রহমানের স্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার সন্তানেরা কানাডায় বসবাস করেন। সন্দেশ প্রকাশনীর ব্যবস্থাপক হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘বাসাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। দেশে তার আত্মীয়স্বজন আছেন। তারা আলোচনা করে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘সন্দেশ প্রকাশনীর মধ্য দিয়ে লুৎফর রহমান বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে অনুবাদ সাহিত্যে তার অবদান চিরস্মরণীয়।’  শাহবাগ আজিজ সুপার মার্কেট বইপাড়া হিসেবে গড়ে ওঠার পেছনে যে কয়জন প্রকাশক অবদান রেখেছেন, লুৎফর রহমান চৌধুরী তাদের একজন। ‘সন্দেশ’ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন তিনি। লুৎফর রহমান সৃজনশীল প্রকাশক সমিতির প্রশিক্ষণ, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তিবিষয়ক পরিচালক ছিলেন। লুৎফর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, পুস্তক বিক্রেতা সমিতিসহ লেখক-প্রকাশকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকে শোকবার্তা লিখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত