বরিশালের বাকেরগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরলক্ষ্মীপাশা গ্রামের পাণ্ডব নদীতীরের ঝোপ থেকে ছেলে ইয়াসিন হাওলাদারের (২১) এবং গতকাল শনিবার সকাল ৯টার দিকে বাবা হেলাল উদ্দিন হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোনিয়ানী গ্রামে। তারা মাছ ধরার চাঁই (ফাঁদ) বিক্রেতা ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গত ২৭ জুন ট্রলার বোঝাই চাঁই নিয়ে বাকেরগঞ্জের বিভিন্ন হাটে বিক্রির জন্য যান হেলাল ও তার ছেলে ইয়াসিন। শুক্রবার বাকেরগঞ্জের কবাই হাটে প্রায় অর্ধেক চাঁই বিক্রির পর অন্য হাটে যাওয়ার পথে পাণ্ডব নদীর পাড়ে দুর্বৃত্তরা চাঁইসহ ট্রলার ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা বাবাকে কুপিয়ে এবং ছেলেকে গলা কেটে হত্যা করে। স্বজনরা নির্মম এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
