ক্রিকেটের প্রভাবশালী সাময়িকী ‘উইজডেন মান্থলি’তে এই শতাব্দীর সবচেয়ে দামি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান অন্যতম একজন। ওয়ানডেতে বিশ্বের মধ্যে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ দামি খেলোয়াড় হয়েছেন। এই স্বীকৃতিতে সাকিবকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এক বিবৃতিতে সাকিবের স্বীকৃতিতে করোনাভাইরাস মহামারীর এই দুঃসমূয়ে দেশের জন্য বড় সুখবর বলেও অভিহিত করেছেন প্রতিমন্ত্রী। ‘ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনের গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কভিড-১৯-এর এ দুঃসময়ে এটি অত্যন্ত বড় সুখবর।’ জাহিদ আহসান রাসেল আরও বলেছেন, ‘এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। সাকিবের এ অর্জনের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হলো।’
জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার মধ্যে আছেন সাকিব। এই বছরের শেষ দিকে শেষ হবে সেই নিষেধাজ্ঞা। ক্রীড়া প্রতিমন্ত্রীর আশা, ‘সাকিব অচিরেই মাঠে ফিরে বরাবরের ন্যায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করবে।’
ক্রীড়াবান্ধব বর্তমান সরকার দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিবের পাশে বরাবর ছিল উল্লেখ করে জাহিদ আহসান রাসেল বলেন, ‘আশা করি সাকিব আল হাসান তার সাফল্যের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুণœ রাখবে। সাকিব তার মেধা, যোগ্যতা, পরিশ্রম ও চেষ্টার ফলে আজকের এ অবস্থানে আসতে পেরেছে।’
