পরিবেশ রক্ষা ও দূষণ বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নেচার ক্লাব। পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ দিনের ভার্চুয়াল ধর্মঘট আয়োজন করছে পরিবেশবাদী এ সংগঠনটি।
ক্লাবটির ডাকে সাড়া দিয়ে ধর্মঘটে সংহতি জানিয়েছে ২৫টিরও বেশি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন।
রবিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি মো. লিয়ন হাসান।
এর আগে শনিবার রাত ৮টায় ভার্চুয়াল ধর্মঘটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।
এ সময় একযোগে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টের প্রোফাইল পিকচার পরিবেশ দূষণ বিরোধী স্লোগান সম্বলিত ছবি দিয়ে পরিবর্তন করার মাধ্যমে এই ধর্মঘট পালন শুরু করেন অংশগ্রহণকারীরা। ধর্মঘটটি চলবে ১০ জুলাই রাত ৮টা পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, এখনই পরিবেশ দূষণ বন্ধ করতে না পারলে অদূর ভবিষ্যতে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পরিবেশ ও জলবায়ুর এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার সচেতনতা আর সম্মিলিত উদ্যোগ। সর্বসাধারণের ঐকান্তিক প্রচেষ্টাই পরিবেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে বড় ভূমিকা পালন করবে।
চবি নেচার ক্লাবের সভাপতি মো. লিয়ন হাসান জানান, বৈশ্বিক মহামারির এই সময়েও থেমে নেই পরিবেশ দূষণ। দিন দিনই বাড়ছে হাসপাতালের বর্জ্য। মানুষের ঘরে থাকাকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা নির্বিচারে কাটছে গাছ। পরিবেশের এই দৈন্যদশা থেকে উরণের জন্য মানুষকে সচেতন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাবের ডাকে এই ব্যতিক্রমী ভার্চুয়াল ধর্মঘট। পাশাপাশি সবাইকে এই ধর্মঘটে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
