ভিডিওবার্তায় কাদের

তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৬:২৮ এএম

সরকারকে তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সামনে এখন তিনটি চ্যালেঞ্জ। প্রথমত, করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন। দ্বিতীয়ত, দেশের বন্যাকবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা। তৃতীয়ত. আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিওবার্তায় এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ কথা সত্য যে ঈদুল ফিতরে মানুষের অবাধ চলাচল, ভিড় ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন ঈদুল আজহায় এ সমাগম ও ভিড় এড়ানোয় যেকোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে সচেতন ও সাবধান হয়ে আসন্ন ঈদে যাতে সংক্রমণ না বাড়ে সে ব্যাপারে লক্ষ রাখতে হবে নিজেদের বেঁচে থাকার স্বার্থেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব অভিযোগ করছেন সরকার নাকি দেশের কারাগারগুলো ভর্তি করে ফেলছে বিএনপির নেতাকর্মীদের দিয়ে। আমরা বলতে চাই, বিএনপির শীর্ষ নেতারা তাদের ৫৯২ সদস্যের কেন্দ্রীয় কমিটির কোন নেতা এখন জেলে আছেন? ত্রাণ চুরিসহ নানা অপরধে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের পরিচয় তারা অপরাধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তারাও অপরাধী।

তিনি বলেন, সরকার নিজেদের লোকজনকেও এ ব্যাপারে ছাড় দেয়নি। প্রধানমন্ত্রী ত্রাণে অনিয়ম, মজুদ করা এসব অপরাধের জন্য ইতিমধ্যেই অনেককেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তারা গ্রেপ্তার হয়ে জেলে আছেন। চিহ্নিত অপরাধী ছাড়া উল্লেখযোগ্য কোনো নেতা গ্রেপ্তার হয়েছে বিএনপির? বিএনপি প্রতিদিন অশ্রাব্য ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে।

আপনারা জানেন যে গত ২৯ তারিখ সদরঘাটে লঞ্চডুবির পর উদ্ধারকারী জাহাজের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ চীন মৈত্রী সেতু বা বুড়িগঙ্গা সেতু-১। ঘটনার পরপরই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। পরদিন এক্সপার্ট ওপেনিয়ন নিয়ে জরুরি ভিত্তিতে মেরামত করে যানবাহন চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে সীমিত পর্যায়ে হালকা যানবাহন চলছে। বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে আমরা তাদের পরামর্শ তথা সুপারিশ অনুযায়ী স্থায়ী মেরামত করব।

তবে এই অনাকাক্সিক্ষত ঘটনায় যাত্রীসাধারণ ও সেতু ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ঘটনার কারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত