কদিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক, বর্তমানে দলের ব্যাটিং পরামর্শক ইউনিস খানের বিরুদ্ধে ভয়ংকর এক অভিযোগ এনেছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ার। ২০১৪-২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের ব্যাটিং কোচ বলেছিলেন, ‘ইউনিস খানের আচরণ খুর রূঢ় কিন্তু তার ক্যারিয়ার দুর্দান্ত। ব্রিসবেনের একটা ঘটনা। ব্রেকফাস্ট টেবিলে ব্যাটিং নিয়ে কিছু একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। সে আমার পরামর্শ ভালোভাবে নেয়নি। রীতিমতো ছুরি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে! মিকি আর্থার (তখন পাকিস্তানের কোচ) পাশেই বসে ছিলেন। উনি শেষ পর্যন্ত থামান।’
তবে পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, এই ঘটনার পেছনে আছেন মোহাম্মদ আজহারউদ্দিন! তিনি বলেছেন ‘ড্রেসিং রুমে কখন কী হয়, তা বলতে পারব না, তবে ফ্লাওয়ার-ইউনিসের ঘটনায় আজহারউদ্দিন একটা কারণ হতে পারে। ২০১৬ সালে ওভালে সেঞ্চুরি করে ইউনিস বলেছিল, সে আজহারের কাছ থেকে পরামর্শ নিয়েছে। সে একটিবারের জন্যও গ্রান্ট ফ্লাওয়ারের নাম উচ্চারণ করেনি।’ লতিফ বলেন, ‘কোনো খেলোয়াড় যদি কোচকে এড়িয়ে বাইরের কারও সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে পরামর্শ করে তাহলে কোচের ভালো না-ই লাগতে পারে। আমার মনে হয় ফ্লাওয়ারের মনে আজহারউদ্দিনের ব্যাপারটি ছিল। তবে এর পেছনে নিশ্চয়ই কারও হাত থাকতে পারে।’ ইন্টারনেট।
