বিনিয়োগ বাড়াতে ৪০ কোটি ৩৭ লাখ ডলারের ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি-২ (আইপিএফএফ-২) তহবিল থেকে অর্থায়নের জন্য প্রযোজ্য সুদহার গতকাল রবিবার শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, আইপিএফএফ-২ তহবিল থেকে স্থানীয় মুদ্রায় ঋণ নেওয়ার বিপরীতে প্রযোজ্য সুদহার হিসেবে আমানতের ওপর সুদের গড় হার (ডব্লিউএআরআইডি) বেছে নিতে পারবেন ঋণগ্রহীতারা। সদ্য চালু হওয়া অপারেশন ম্যানুয়ালটির আওতায় সরকারের ৩৬৪ দিনের ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে ১ শতাংশীয় পয়েন্ট বা ডব্লিউএআরআইডির সঙ্গে ১ শতাংশীয় পয়েন্ট যোগ করে ফিক্সড রেট মেথডে (নির্দিষ্ট হার পদ্ধতি) সুদহার নির্ধারণ করা হবে। ভ্যারিয়েবল রেটের (পরিবর্তনশীল হার পদ্ধতি) আওতায় সরকারের ৩৬৪ দিনের ট্রেজারি বিল বা ডব্লিউএআরআইডির সুদহার এক্ষেত্রে প্রযোজ্য হবে।
উভয় ক্ষেত্রেই যেটিতে সুদহার কম হবে সেটিই গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। এর আগে ফিক্সড রেট মেথডের আওতায় সরকারের ৩৬৪ দিনের ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে এক শতাংশীয় পয়েন্ট যোগ করা হতো। আর সরকারের ৩৬৪ দিনের ট্রেজারি বিলের সুদহারে আরোপ করা হতো ভ্যারিয়েবল রেট মেথড। বর্তমানে ৩৬৪ দিনের ট্রেজারি বিলে সুদহার ৭-৯ শতাংশ বাড়লেও ডব্লিউএআরআইডিতে কমেছে ৫ দশমিক ৩৭ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, সংশোধিত সুদহার আইপিএফএফ-২ থেকে ঋণ নেওয়ার সময় ঋণগ্রহীতাদের তহবিলের খরচ কমাতে সহায়ক হবে। নির্দিষ্ট বা পরিবর্তনশীল হারে মার্কিন ডলার বা বাংলাদেশি টাকা অথবা দুই মুদ্রার সংমিশ্রণে আইপিএফএফ তহবিল থেকে ঋণ দেওয়া হয়ে থাকে। তবে সদ্য চালু এই সুবিধাটি কেবল বাংলাদেশি টাকায় ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য।
অবকাঠামোতে অর্থায়নে সীমাবদ্ধতা দূরীকরণে প্রথম দফার ঋণ প্রদানের তহবিলের মেয়াদ ২০১৬ সালে শেষ হওয়ার পর ৫ বছর মেয়াদি ৪০ কোটি ৩৭ লাখ ডলারের আইপিএফএফ-২ তহবিলটি ২০১৭ সালে চালু করা হয়। এই তহবিলে ৩৫ কোটি ৬৭ লাখ ডলার দিয়েছে বিশ^ব্যাংক। বাকি ৬ কোটি ডলার অর্থায়ন করেছে সরকার। প্রযুক্তিগত সহায়তার জন্য ১ কোটি ৩০ লাখ ডলার পৃথক করে রাখা হয়েছিল। প্রথম দফার আইপিএফএফ তহবিলের আওতায় ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ২১টি অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
