তালিকাভুক্তির শর্তে দুই ব্যাংকের বন্ড অনুমোদন

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৭:৪২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্তির শর্তে ওয়ান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দুটি পার্পিচুয়াল বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পার্পিচুয়াল বন্ড ইস্যু করে এ দুই ব্যাংক ৪০০ কোটি টাকা করে মোট ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে, যা অতিরিক্ত টিয়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। গতকাল কমিশনের নিয়মিত সভায় এই বন্ডের অনুমোদন দেওয়া হয়।

গতকাল কমিশন সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসইসি জানায়, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত সব পার্পিচুয়াল বন্ড লেনদেনযোগ্য সিকিউরিটিজ হিসেবে স্টক এক্সচেঞ্জের মূল প্লাটফর্মে তালিকাভুক্ত করতে হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। স্টক এক্সচেঞ্জের মূল প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় বিধিবিধান তৈরি করবে কমিশন।

গতকাল কমিশন সভায় ওয়ান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকার জামানতবিহীন (আনসিকিউরড), অরূপান্তরিত, ব্যাসেল-৩ কমপ্লায়েন্ট পার্পিচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন দেয়। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে জামানতবিহীন, অরূপান্তরিত, ভাসমান সুদের হার (ফ্লোটিং রেট), পার্পিচুয়াল বন্ড, যার কুপন হার ১১ থেকে ১৪ শতাংশ।

পার্পিচুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে ওয়ান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অতিরিক্ত টিয়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ওয়ান ব্যাংকের বন্ডের ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্টস ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্টস এবং সিটি ব্যাংক রিসোর্সেস ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত