করোনা প্রতিরোধে সোনারগাঁয়ে সুবর্ণগ্রাম-এর কার্যক্রম

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০২:০১ এএম

'প্রাণে প্রাণ মিলাই, মানুষের পাশে দাঁড়াই' স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন করোনাভাইরাস প্রতিরোধে স্বল্প আয়ের মানুষের পাশে থেকে গত চার মাস যাবত সোনারগাঁয়ে কাজ করে যাচ্ছে।

সুবর্ণগ্রাম ফাউন্ডেশন সোনারগাঁয়ে অবস্থিত একটি সামাজিক সংগঠন। ২০০৩ সাল থেকে সংগঠনটি সোনারগাঁয়ে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, পরিবেশ ও মানুষের অধিকার নিয়ে কাজ করছে।

করোনা মহামারিতে সংগঠনটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এই পর্যন্ত সোনারগাঁ উপজেলার বিভিন্ন গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এ পর্যন্ত সংগঠনটি সোনারগাঁয়ের গ্রামে গ্রামে সাধারণ মানুষ, লোক ও কারুশিল্পী, বেদে, জেলে, ঋষি, বৃহন্নলা সম্প্রদায়ের মানুষ, সোনারগাঁ জাদুঘর ও পানাম নগরীর নিরাপত্তা কর্মী, মালিসহ বিভিন্ন স্বল্প আয়ের পেশাজীবি পাঁচ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে।

সুবর্ণগ্রামের ১৭ জন স্বেচ্ছাসেবক সোনারগাঁয়ে করোনা সংক্রমণ থেকে উত্তরণে কাজ করে যাচ্ছেন। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সোনারগাঁয়ের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও করোনা নিয়ে জনসচেতনতামূলক লিফলেট, খাদ্য ও ওষুধ বিতরণ করছে, বিভিন্ন গ্রামে জীবাণুনাশক ছিটাচ্ছে।

এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোনারগাঁও পৌরসভার সঙ্গে যৌথভাবে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন বেশ কিছু কার্যক্রম চালাচ্ছে। এরমধ্যে অন্যতম দুইটি কাজ হচ্ছে বিনামূল্যে স্বল্প আয়ের মানুষদের পরিবারের শিশুদের খাবার সরবরাহ এবং পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জীবাণু নাশক ছিটানো। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা রাস্তায় রিক্সা, ভ্যান, বেবিট্যাক্সি ও মিশুকে জীবাণুনাশক ছিটানো এবং চালকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে। গত ঈদে সোনারগাঁও পৌরসভার ৬৩টি মসজিদে ঈদ-জামাতে হ্যান্ড সেনিটাইজার ও সারজিক্যাল মাস্ক বিতরণ করেছে।

সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস জানান, আমরা সুবর্ণগ্রামের উদ্যোগে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোনারগাঁয়ে একক ও যৌথভাবে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত