বিশ্বকাপ বাতিল করে আইপিএল হলে প্রশ্ন উঠবেই: ইনজামাম

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০২:৪৯ এএম

এবছর নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা সে নিয়ে রয়েছে সংশয়। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হচ্ছে ধরে নিয়েই ওই সময় আইপিএল আয়োজনের প্রস্তুতি নিয়ে রাখছে। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আইপিএল হবে। ভারতীয় বোর্ড শক্তিশালী। আইসিসিতে ভারতের নিয়ন্ত্রণও রয়েছে। অস্ট্রেলিয়া যদি বলে যে কভিড-১৯ এর কারণে বিশ্বকাপ আয়োজনে তারা অক্ষম, তবে তা সহজেই মেনে নেওয়া যায়। কিন্তু যদি সেই সময়েই একটা ঘরোয়া লিগ হয়, তবে প্রশ্ন উঠবেই।’

সঙ্গে ইনজামাম একটা প্রশ্নও রেখেছেন, ‘ভারতীয় বোর্ড যদি ৮ দলের একটা প্রতিযোগিতা আয়োজন করতে পারে, তবে ক্রিকেট অস্ট্রেলিয়া কেন তা পারবে না।’

এবছর অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। যা এখন স্থগিত হওয়ার অপেক্ষা বলে গুঞ্জন।

এদিকে করোনার কারণে এবছরের আইপিএল এখনো শুরু হতে পারেনি। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও অনির্দিষ্ট কালের জন্য তা স্থগিত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত