অনলাইন সেমিনারে শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট নিয়ে আলোচনা চলছে

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৬:০২ এএম

অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের বেতন এবং শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে দুপক্ষকেই মানবিক হতে হবে।’

গতকাল সোমবার আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি আয়োজিত ‘বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’ শীর্ষক অনলাইন সেমিনারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘একটা সময় আমাদের ডিজিটাল শিক্ষা কার্যক্রমে যেতে হতো। করোনা তা এগিয়ে দিয়েছে। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা এখন অনলাইনে শিক্ষা কার্যক্রম, অফিস-আদালত ও দৈনন্দিন কাজ চালিয়ে নিচ্ছি। দ্রুত এই সীমাবদ্ধতা কাটিয়ে নতুন বাস্তবতায় আমরা অভ্যস্ত হব।’

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে টিউশন ফি’র বিষয়ে মন্ত্রী বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়ে শিক্ষার্থীদের টিউশন ফি’র জন্য চাপ দিচ্ছে। আমি মনে করি, এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে। একেবারে টিউশন ফি না দিলে প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন দিতে পারবে না। দুপক্ষকেই ছাড় দিতে হবে।’

সেমিনারে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘শিক্ষার বিস্তার এবং মেধাবী জাতি গঠনে ইন্টারনেট বাবদ ব্যয়কে রাষ্ট্রের বড় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। ভবিষ্যতে প্রচলিত চক-ডাস্টার পদ্ধতির শ্রেণিকক্ষও ডিজিটাল করতে হবে। তা না হলে চতুর্থ শিল্পবিপ্লবের মানবসম্পদ তৈরি করা যাবে না।’

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুন্নাহার চাপার সঞ্চালনায় সেমিনারে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মাকসুদ কামাল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত