বার্সেলোনার ৯০০০ গোলের পর ফর্নস থেকে ফাতি

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:০০ এএম

ভিয়ারিয়ালকে রবিবার রাতে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে আরও দুর্দান্ত একটি মাইলফলক ছুঁয়েছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ম্যাচে ৯ হাজার গোল হয়েছে কাতালান দলটি। গোলটি করেন ৮৬ মিনিটে বদলি হিসেবে নামা গিনি-বিসাউ বংশোদ্ভূত স্প্যানিশ উইঙ্গার আনসু ফাতি।

বার্সেলোনা ১৮৮৮’র ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হলেও প্রতিযোগিতামূলক ম্যাচে তাদের প্রথম স্বীকৃত গোলটি এসেছে ১৯০৯ সালের ৫ এপ্রিল। মাদ্রিদে স্প্যানিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল বার্সেলোনা। ওই ম্যাচেই বার্সার প্রথম গোলটি করেছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড রোমা ফর্নস। ১৯০৩ থেকে ১৯১৩ পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন এই কাতালান ফুটবলার। পরে ক্লাবটির কোচ এবং পরিচালক হয়েছিলেন। মৌসুম হিসাব করলে বার্সেলোনা সবচেয়ে বেশি গোল করেছে ২০১১-১২ মৌসুমে, সব টুর্নামেন্ট মিলে ১৯০টি। অন্যদিকে পঞ্জিকা বর্ষের হিসেবে সবচেয়ে গোলপ্রসবা ছিল ২০১৫, ওই বছর ১৮০ গোল করেছে বার্সেলোনা।

এই ৯ হাজার গোলের শতকরা প্রায় ৭ ভাগ গোলই করেছেন লিওনেল মেসি। সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সেলোনার জার্সিতে যার গোল ৬৩০টি। অথচ ক্লাবের ১২১ বছরের ইতিহাসে মেসি খেলছেন মাত্র ১৫ বছর ধরে। মেসির পরে সবচেয়ে বেশি ২৩১ গোল করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড সিজার রদ্রিগেজ। হাঙ্গেরির লাসজলো কুবালা আর উরুগুয়ের লুইস সুয়ারেজ দুজনেই করেছেন ১৯৪টি করে গোল। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত