‘বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে মেসি’

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:০১ এএম

বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ গণমাধ্যমের খবর, নতুন চুক্তিতে সই করছেন না লিওনেল মেসি। ২০২১ মৌসুমের পর ক্লাব ছাড়ছেন তিনি। এ বিষয়ে এতদিন কিছুই জানানো হয়নি বার্সা বা মেসির পক্ষ থেকে। বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ রবিবার মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করবে মেসি। 

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলের জয়ের পর স্প্যানিশ নেটওয়ার্ক মুভিস্টারকে বার্তেমেউ বলেন, ‘মেসি আমাদের জানিয়েছে, সে তার ক্যারিয়ার ও ফুটবল জীবন বার্সাতেই শেষ করবে। আমি এ নিয়ে বিস্তারিত বলতে চাই না। কারণ এখন আমাদের মনোযোগ লা লিগায়। অনেক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কথা বলছি আমরা। তবে মেসি আমাদের বলেছে, সে বার্সাতেই থাকতে চায়।  সুতরাং আমরা এখানে তার খেলা আরও অনেক দিন উপভোগ করতে পারব।’

স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সেরে কয়েকদিন আগে খবর দেয়, মেসি ও তার বাবা হোর্হে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির আলোচনা কিছু দূর এগোনোর পর হঠাৎ থামিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে বার্সেলোনায় চলমান সমস্যা নিয়ে বিরক্ত মেসি। ভালভার্দেকে বরখাস্ত, আবিদালের সঙ্গে তর্কে জড়ানো, করোনাকালে বেতন কাটা নিয়ে তর্ক-বিতর্ক এমনকি বর্তমান কোচ সেতিয়েনের সঙ্গে সম্পর্ক ভালো নয় তার। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত